![]()
রাজনীতি
১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা দক্ষিণে পাটোয়ারী, উত্তরে আসিফ: মেয়র প্রার্থীর নাম ঘোষণা এনসিপির
দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী ঘোষণা করলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক, TouchBangladesh
ছবি: সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)।
রোববার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের কার্যালয়ে দুই সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সাথে এক সমন্বয় সভা শেষে এ প্রার্থিতা ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সভায় নাহিদ ইসলাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি এবং রাজধানীতে দলের সামগ্রিক রাজনৈতিক কর্মকাণ্ড জোরদারের বিষয়ে সাংগঠনিক নানা নির্দেশনা দেন। তিনি ওয়ার্ডভিত্তিক সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী চিহ্নিত করা, স্থানীয় নাগরিক সমস্যাগুলো দ্রুত শনাক্ত করা এবং জনগণের ভোগান্তি নিরসনের বিষয়টি সামনে রেখে নির্বাচনী প্রচারণা পরিচালনার নির্দেশ দেন।
জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে থাকার আহ্বান
নেতাকর্মীদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং তাদের সর্বাত্মক সহায়তা প্রদান অব্যাহত রাখার নির্দেশ দেন। পাশাপাশি ওয়ার্ড পর্যায়ের নেতাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্ভাব্য ‘নাশকতামূলক কর্মকাণ্ডের’ বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।
একলা চলো নীতি ও জোট রাজনীতি
এর আগে ব্রিফিংয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী জানান, ১১ দলীয় জোটের শরিকদের সাথে রাজনৈতিক সমন্বয় বজায় থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি সারাদেশে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। জোটের শরিক দলগুলো স্থানীয় নির্বাচনে নিজস্ব প্রার্থী দিলেও ভোটকেন্দ্র দখল বা অনিয়মের যেকোনো চেষ্টা রুখে দিতে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।
তিনি আরও জানান, ঢাকা সিটিতে কাউন্সিলর পদের প্রার্থী তালিকার পাশাপাশি ইতোমধ্যে সারাদেশে প্রায় ১০০টি উপজেলা ও পৌরসভার প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এবং খুব শিগগিরই আরও শতাধিক প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হবে।
