
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) নির্বাহী পরিচালক (টেকনিক্যাল), ইঞ্জিনিয়ারিং পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে একজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ দেওয়া হবে নির্বাহী পরিচালক (টেকনিক্যাল), ইঞ্জিনিয়ারিং পদে। আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
সরকারি খাতের প্রার্থীদের বিদ্যুৎ খাতে কমপক্ষে ১৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পর্যায়ে অন্তত তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
বিদ্যুৎ খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানিতে কর্মরত প্রার্থীদেরও কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ক্ষেত্রে উপমহাব্যবস্থাপক বা সমমানের পদে কিংবা এর চেয়ে উচ্চপদে অন্তত তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যদিকে, বেসরকারি খাতের প্রার্থীদের বিদ্যুৎ খাতের স্বনামধন্য প্রতিষ্ঠানে কমপক্ষে ১৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জ্যেষ্ঠ ব্যবস্থাপনা বা নেতৃত্বের পদে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এ ছাড়া বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন বা বিতরণ প্রতিষ্ঠানে পরিকল্পনা, প্রকল্প ব্যবস্থাপনা কিংবা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
২০২৬ সালের ৭ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
প্রাথমিকভাবে সর্বোচ্চ তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। পরবর্তী সময়ে সর্বোচ্চ ৬৫ বছর বয়সসীমা সাপেক্ষে চুক্তির মেয়াদ আরও দুই দফায় তিন বছর করে বাড়ানোর সুযোগ রয়েছে।
নির্বাহী পরিচালক পদে মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার টাকা। এর সঙ্গে মূল বেতনের ৫০ শতাংশ হারে বাড়িভাড়া দেওয়া হবে।
এ ছাড়া বছরে দুটি উৎসব ভাতা এবং বাংলা নববর্ষ ভাতা হিসেবে মূল বেতনের ২০ শতাংশ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের ডিপিডিসির অফিশিয়াল ওয়েবসাইট-এ দেওয়া অনলাইন আবেদনব্যবস্থার মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার টাকা। ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেট অথবা ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদের মাধ্যমে এ ফি জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩ নভেম্বর ২০২৬।
নিয়োগের শর্ত, প্রয়োজনীয় যোগ্যতা ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।