জাপানে এশিয়ান প্যারা গেমসে তিনবার ভুল জাতীয় সংগীত, বাজানো হয় কোরিয়ারটিও
স্পোর্টস ডেস্ক | ২২ অক্টোবর ২০২৬
জাপানের আইচি-নাগোয়া ২০২৬ এশিয়ান প্যারা গেমসে তিনটি পৃথক ইভেন্টে ভুল জাতীয় সংগীত বাজানোর ঘটনা ঘটেছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীতও রয়েছে। সংগীত চালানোর সফটওয়্যারের ভুল সেটিংসকে এ ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেছেন আয়োজকেরা।
জাপানের সংবাদমাধ্যম কিয়োদো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নাগোয়ার মেয়র এবং এশিয়ান প্যারা গেমস আইচি-নাগোয়া ২০২৬-এর আয়োজক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইচিরো হিরোসাওয়া বুধবার বিষয়টি নিশ্চিত করেন।
চীনের বদলে বাজল দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীত
সোমবার বিকেলে চীন ও ইরানের নারী সিটিং ভলিবল ম্যাচ শুরুর আগে চীনের জাতীয় সংগীতের পরিবর্তে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীত বাজানো হয়।
ভুলটি বুঝতে পেরে আয়োজকেরা মাঝপথে সংগীত বন্ধ করে চীনের জাতীয় সংগীত চালু করেন।
তায়কোয়ান্দোতেও একই ভুল
সোমবার নারীদের তায়কোয়ান্দো ইভেন্টের পদক বিতরণ অনুষ্ঠানে মঙ্গোলিয়ার পরিবর্তে ইরানের জাতীয় সংগীত বাজানো হয়। পরে আয়োজকেরা মাঝপথে ইরানের সংগীত বন্ধ করে মঙ্গোলিয়ার জাতীয় সংগীত চালান।
পুরুষদের তায়কোয়ান্দো ইভেন্টেও একই ধরনের ভুল ঘটে। সেখানে তাইওয়ানের এক অ্যাথলেট স্বর্ণপদক জিতলেও বাজানো হয় ইরানের জাতীয় সংগীত। ওই ইভেন্টের পদক বিতরণ অনুষ্ঠান বুধবার আবার আয়োজন করা হয়।
আয়োজক কমিটি জানিয়েছে, সংগীত চালানোর সফটওয়্যারের সেটিংস ভুল থাকার কারণে এসব ঘটনা ঘটেছে।
এশিয়ান গেমসেও ঘটেছিল একই ধরনের ঘটনা
এটি আইচি-নাগোয়া ২০২৬ আসরে জাতীয় সংগীত নিয়ে প্রথম ভুল নয়। এর আগে একই বছর অনুষ্ঠিত এশিয়ান গেমসেও এমন ঘটনা ঘটেছিল।
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ কোরিয়ার পুরুষ হকি ম্যাচ শুরুর আগে দক্ষিণ কোরিয়ার পরিবর্তে উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজানো হয়। ওই ঘটনার পর আয়োজক কমিটি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছিল।
পুনরাবৃত্তিতে দুঃখ প্রকাশ আয়োজকদের
একই ধরনের ভুল আবারও ঘটায় দুঃখ প্রকাশ করেছেন আয়োজক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইচিরো হিরোসাওয়া।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সমস্যাটির পুনরাবৃত্তি কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। সংশ্লিষ্ট অ্যাথলেট ও কর্মকর্তাদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি।”
পরপর একাধিক ইভেন্টে জাতীয় সংগীত ভুল বাজানোর ঘটনা আন্তর্জাতিক ক্রীড়া আসরে আয়োজকদের প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে।
সূত্র: Korea JoongAng Daily, Kyodo News