
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তি মুম্বাইয়ের একটি হোটেলে পাঁচ দিন অবস্থান করেছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। আন্ধেরি ইস্ট এলাকার ওই হোটেলের ২০১ নম্বর কক্ষে থেকে হামলার আগে বিভিন্ন স্থানে নজরদারি চালানো ও প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।
প্রতিবেদন অনুযায়ী, হোটেলটির কক্ষটির দৈনিক ভাড়া ছিল প্রায় দেড় হাজার রুপি। সেখানে অবস্থানের সময় অভিযুক্তরা নিজেদের হরিয়ানার হিসারের বাসিন্দা বলে পরিচয় দিয়েছিলেন।
অভিযুক্ত ফুল সিং ও রেহান সিং ১৪ অক্টোবর সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে হোটেলটিতে ওঠেন। ১৮ অক্টোবর বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে তাঁরা হোটেল ছেড়ে যান। এর কিছুক্ষণ পরই মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। এরপর আর ওই হোটেলে ফেরেননি তাঁরা।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, অভিযুক্তরা প্রতিদিন অটোরিকশায় করে হোটেল থেকে বের হতেন। বিভিন্ন এলাকায় ঘোরাঘুরির পাশাপাশি হামলার প্রস্তুতি নিতে তাঁরা নজরদারি চালাতেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ব্যবহারের জন্য সরবরাহ করা একটি পিস্তল হোটেলে পরীক্ষা করার সময় গুলি ঠিকমতো বের হয়নি বলেও তদন্তে উঠে এসেছে। ওই ঘটনার পরও অভিযুক্তরা বিষয়টি গোপন রাখতে পেরেছিলেন বলে অভিযোগ।
১৮ অক্টোবর অভিযুক্তরা হোটেল ছেড়ে যাওয়ার দুই দিন পর, ২০ অক্টোবর পুলিশ সেখানে পৌঁছায়। তখনই হোটেলকর্মীরা ঘটনাটি সম্পর্কে জানতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে রাজস্থানের কোটা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে অভিযোগ উঠেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার কোটায় একটি ট্রেন থেকে তাঁদের আটক করা হয়। পরে মুম্বাই পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাঁদের। বুধবার ভোরে অভিযুক্তদের মুম্বাইয়ে নেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের পর তাঁদের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হরিয়ানার সোনিপতের ১৮ বছর বয়সী রেহান ওরফে সুক্কা, বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা এবং বর্তমানে মুম্বাইয়ে বসবাসকারী ২২ বছর বয়সী ঋতিক কুর্মি ওরফে রোশন এবং হরিয়ানার ১৮ বছর বয়সী ফুল সিং।
রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মোটরসাইকেলে করে আসা অন্তত দুজন ব্যক্তি টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় অভিনেতা বড় ধরনের আঘাত থেকে রক্ষা পেলেও তাঁর গাড়িচালক ও এক পথচারী আহত হন। মুম্বাই পুলিশের ভাষ্য অনুযায়ী, গাড়িটি লক্ষ্য করে পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি ছোড়া হয়েছিল।
পরে হামলায় ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা একটি মোটরসাইকেল আন্ধেরি এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় হত্যাচেষ্টা-সংক্রান্ত বিধান এবং অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ। হামলার পরিকল্পনা, অভিযুক্তদের গতিবিধি এবং অস্ত্রের উৎস শনাক্ত করতে তদন্ত চলছে।
তদন্ত