
ভারতের রাজধানী দিল্লিতে স্কুল বন্ধ রাখার উদ্দেশ্যে বোমা হামলার ভুয়া হুমকি দিয়ে ইমেইল পাঠানোর অভিযোগে ১৬ বছর বয়সি এক ছাত্রীকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে ওই ছাত্রী জানিয়েছে, সেদিন ক্লাস বন্ধ রাখতেই সে এমন বার্তা পাঠিয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (২৩ অক্টোবর) দিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি স্কুল কর্তৃপক্ষের কাছে বোমা রাখার হুমকি দিয়ে একটি ইমেইল আসে। ইমেইলের বিষয়বস্তুতে লেখা ছিল, ‘ভবনে বোমা রাখা হয়েছে’।
সম্প্রতি দিল্লির বিভিন্ন স্কুলে একই ধরনের ভুয়া বোমা হামলার হুমকি আসার ঘটনায় বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে পুলিশ। ইমেইলটির উৎস শনাক্ত করতে তদন্তে নামে সাইবার থানা।
দক্ষিণ দিল্লির উপপুলিশ কমিশনার অনন্ত মিত্তাল জানান, সাইবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হংসরাজ স্বামীর নেতৃত্বে একটি দল প্রযুক্তিগত বিশ্লেষণ ও ডিজিটাল তথ্যপ্রমাণের ভিত্তিতে ইমেইলটির উৎস শনাক্ত করে। পরে ওই শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে ছাত্রীটি জানায়, অন্য কোনো উদ্দেশ্য নয়, সেদিন স্কুলে ক্লাস বন্ধ বা ছুটি নিশ্চিত করতেই সে ভুয়া হুমকির ইমেইল পাঠিয়েছিল। ইমেইল পাঠানোর সময় সে ভিপিএনও ব্যবহার করেছিল বলে জানিয়েছে পুলিশ।
কর্তৃপক্ষের ভাষ্য, এ ধরনের ভুয়া হুমকির ঘটনায় দ্রুত তদন্ত ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়েছে। কিশোর বিচার আইন অনুযায়ী ওই শিক্ষার্থীর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
প্রতিবেদন: টাচ বাংলা নিউজ