
নয়াদিল্লির ভারতীয় সংসদ ভবনের সন্নিকটে অবস্থিত অত্যন্ত সংবেদনশীল সরকারি ভবন ‘নর্থ ব্লক’-এর ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে মেরামতের কাজ চলার সময় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে দিল্লি ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
এনডিটিভি ও টাইমস নাউ-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ১১টা ১০ মিনিটের দিকে ভবনটির ছাদ ও আশপাশ থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। পরবর্তীতে জানা যায়, সেন্ট্রাল ভিস্তা এলাকার এই গুরুত্বপূর্ণ ভবনের ভেতর সংস্কারকাজ এবং ছাদের এসি বয়লারে ঝালাইয়ের কাজ চলছিল। এ সময় শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন বেশিদূর ছড়িয়ে পড়তে পারেনি এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
নর্থ ব্লক ভারতের কেন্দ্রীয় প্রশাসনিক এলাকার কেন্দ্রস্থলে অবস্থিত একটি অত্যন্ত সুরক্ষিত ও গুরুত্বপূর্ণ ভবন, যেখানে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের মতো শীর্ষস্থানীয় দপ্তরগুলো পরিচালিত হয়। এদিকে ঘটনার সময় সংসদের দিকে যাওয়ার পথে ধোঁয়া দেখতে পেয়ে শিবসেনা নেতা ও রাজ্যসভার সংসদ সদস্য মিলিন্দ দেওরা সামাজিক মাধ্যম এক্স-এ (পূর্বে টুইটার) পোস্ট করে উদ্বেগ প্রকাশ করেন এবং জরুরি সেবাদানকারী দলের দ্রুত উপস্থিতির প্রশংসা করেন।