মোহাম্মদ করিম, মফস্বল সম্পাদক
বান্দরবানের লামায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) লামা কেন্দ্রীয় বৌদ্ধবিহারকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্য ও সম্প্রীতির আবহে মুখর হয়ে ওঠে লামা বাজারের বিভিন্ন সড়ক।
সকালে লামা বাজার থেকে র্যালিটি শুরু হয়।
উক্ত র্যালি ও রথযাত্রায় নেতৃত্ব দেন সাবেক লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনুঅং চৌধুরী ও সাইড এইড ফাউন্ডেশন এর পরিচালক থুইনিমং মার্মা। পরে র্যালি ও রথ যাত্রা লামা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের হইতে মাস্টারপাড়া এলাকা প্রদক্ষিণ করে র্যালিটি লামা বাজার নদীর ঘাটে গিয়ে পৌঁছায়। এ সময় র্যালিতে অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে ব্যানারসহ অংশ নেন। র্যালিতে একটি সুসজ্জিত ভ্যানগাড়িতে বুদ্ধদেবের প্রতিকৃতি ও ধর্মীয় সাজসজ্জা স্থান পায়, যা উৎসবের সৌন্দর্য ও ধর্মীয় আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।
প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও সম্প্রীতির চর্চা বিশেষ গুরুত্ব বহন করে। লামার এ আয়োজনেও বৌদ্ধ সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় ফুটে ওঠে।
উৎসবকে ঘিরে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়। র্যালির কারণে লামা বাজারের সড়কগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে ধর্মীয় এ আয়োজন স্থানীয় জনজীবনে আনন্দের আবহ ছড়িয়ে দেয়।
কর্মসূচিটি লামা থানা পুলিশের নিরাপত্তাব্যবস্থার মধ্যে অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে আয়োজিত এ র্যালি ও রথযাত্রা লামার সাম্প্রদায়িক সম্প্রীতি ও বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে ওঠে।