
ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাওয়ার শর্তে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে তাকে।
বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১’-এর ১২(২) ধারা অনুসারে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য শিবা শানুকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে তাকে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন শিবা শানু। তার প্রকৃত নাম চৌধুরী মাজহার আলী। নতুন দায়িত্বে যোগ দিতে হলে নিয়োগের শর্ত অনুযায়ী তাকে শিল্পী সমিতির সভাপতির পদ ছাড়তে হবে। তবে এ বিষয়ে এখনো নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি তিনি।
অভিনয়ের পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় হয়েছেন এই অভিনেতা। এসব ব্যস্ততার কারণে অভিনয়ে আগের তুলনায় কিছুটা অনিয়মিত হয়ে পড়েছেন তিনি।
১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শিবা শানুর। দীর্ঘ অভিনয়জীবনে পাঁচ শতাধিক চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করেছেন তিনি। ধারাবাহিকভাবে বিভিন্ন সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন এই অভিনেতা।
নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে চলচ্চিত্র অঙ্গনের বাইরে প্রশাসনিক ও সাংগঠনিক পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ পাচ্ছেন শিবা শানু। তবে শিল্পী সমিতির সভাপতির পদ নিয়ে তার পরবর্তী সিদ্ধান্ত কী হবে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।