
নিউজ প্রোভাইডার
সরকার গঠনে সক্ষমতা অর্জনের লক্ষ্যে ১০ বছর মেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং দক্ষ জনবল তৈরিসহ ১০ দফা কর্মপরিকল্পনা নিয়ে বিশেষ যৌথ সভা আহ্বান করেছে বাংলাদেশ কংগ্রেস। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর বিজয়নগরে হোটেল ফার্সের সপ্তম তলায় ন্যাশনাল সিনেট, উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সভায় দলের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, সদস্য সংগ্রহ, তৃণমূল পর্যায়ে কমিটি গঠন এবং সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সভায় আলোচ্যসূচির মধ্যে রয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ধারা ৯০চ(১)(ক) অনুযায়ী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আর্থিক অনুদান চেয়ে আবেদন করা। পাশাপাশি সর্বস্তরের সদস্যদের কাছ থেকে নিয়মিত মাসিক অনুদান আদায় এবং দেশে-বিদেশে দাতা ও শুভাকাঙ্ক্ষী তৈরির উদ্যোগ নেওয়া হবে।
সরকার গঠনের সক্ষমতা অর্জনে ১০ বছর মেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ এবং বিভিন্ন মন্ত্রণালয় পরিচালনার উপযোগী দক্ষ জনবল তৈরির বিষয়টিও সভার গুরুত্বপূর্ণ আলোচ্যসূচিতে রয়েছে। এ ছাড়া ছাত্র কংগ্রেস ও যুব কংগ্রেসসহ দলের সব অঙ্গসংগঠন এবং গবেষণা উইংকে সক্রিয় ও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।
দলীয় কার্যক্রমের প্রচার ও সদস্যসংখ্যা বাড়াতে ১০ লাখ লিফলেট বিতরণ এবং পাঁচ লাখ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি গঠনের পরিকল্পনাও আলোচনায় আসবে।
সাংগঠনিক অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে দলের নিজস্ব পরিবহন কেনা, নতুন ওয়েবসাইট চালু, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ খোলা এবং সেগুলো পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কেন্দ্রীয় কার্যালয়ের পরিসর বাড়ানো এবং প্রতিটি জেলা ও উপজেলায় দলীয় কার্যালয় স্থাপনের বিষয়টি আলোচ্যসূচিতে রাখা হয়েছে।
এ ছাড়া বৈদেশিক সম্পর্ক জোরদার করা এবং দলের কার্যক্রমে পূর্ণকালীন নেতাকর্মীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়েও সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ কংগ্রেসের এ বিশেষ যৌথ সভায় দলটির সাংগঠনিক সক্ষমতা, আর্থিক ভিত্তি ও দীর্ঘমেয়াদি রাজনৈতিক প্রস্তুতি জোরদারে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।