
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরদিন থেকেই উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। আগামী রোববার (১ নভেম্বর) থেকে এ আবেদন শুরু হবে, যা চলবে ৭ নভেম্বর পর্যন্ত।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। অনুষ্ঠানে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার পরপরই শিক্ষা বোর্ডগুলোর ফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে প্রকাশ করা হবে। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
আন্তশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ফল প্রকাশের পর নির্ধারিত নিয়ম অনুসরণ করে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এ জন্য আবেদনপ্রক্রিয়া, ফি ও অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এদিকে পরীক্ষার্থীরা অনলাইনে শিক্ষা বোর্ডের ফল প্রকাশসংক্রান্ত দুটি ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। ওয়েবসাইট দুটি হলো—eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
এসএমএসে যেভাবে ফল জানা যাবে
মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখতে হবে। এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
উদাহরণ: HSC DHA 123456 2026
ফল প্রকাশের পর নির্ধারিত ফির বিনিময়ে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের প্রকাশিত নির্দেশনা অনুসরণ করতে হবে।