মোহাম্মদ করিম, মফস্বল সম্পাদক
বান্দরবানের লামায় যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‘মাদককে না বলি, সুস্থ প্রজন্ম ও নিরাপদ সমাজ গড়ি’ এবং ‘মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ ভবিষ্যৎ গড়ি’ এমন দুটি সময়োপযোগী স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় মাদকের ভয়াবহ সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সমাজকর্মী শামসুল হকের সঞ্চালনায় নুনারঝিরি যুব সংঘের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর পক্ষে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাকিল।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সুফিয়ান, সমাজকর্মী মো. আদহাম বিন ইব্রাহিম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি চৌধুরী সুজন, লামা প্রেস ক্লাবের সহসভাপতি নুরুল আলম এবং ন্যায্য সামাজিক সংগঠনের সভাপতি মোহাম্মদ ইউনূস।
মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, মাদকাসক্তি কেবল একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না; বরং একটি পরিবার, সামাজিক বন্ধন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে। মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ।
তাঁরা আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন করার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ধর্মীয় ও নৈতিক শিক্ষা এবং সৃজনশীল পাঠাভ্যাসে সম্পৃক্ত করতে হবে। তরুণ প্রজন্মের মধ্যে ইতিবাচক মানসিকতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলা গেলে মাদকের বিস্তার অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
সভা থেকে মাদক নির্মূলে এলাকাভিত্তিক সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
বক্তাদের অভিমত, একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ বিনির্মাণে মাদকমুক্ত যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই। এ ক্ষেত্রে সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।