গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা অংশ নেন। এতে মহাসড়কের একাধিক স্থানে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর শত শত শ্রমিক মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাদের হাতে লাঠি দেখা যায়। বিভিন্ন স্লোগান দিয়ে তারা সড়কে অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ করে দেন। পরিস্থিতির কারণে আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকরা একত্র হয়ে তাদের দাবি আদায়ে মহাসড়কে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালায় পুলিশ।
শ্রমিকদের দাবি, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এই এক দফা দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন তারা। শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। আটকে পড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক। এতে সাধারণ যাত্রী ও পরিবহনশ্রমিকদের দুর্ভোগে পড়তে হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা বলেন, তারা কোনো ধরনের অশান্তি চান না, বরং নিজেদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে চান। মালিকপক্ষ, সরকার ও প্রশাসন আলোচনায় বসে দ্রুত ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের সিদ্ধান্ত নিলে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল শুরু হবে বলে জানান তারা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের আন্দোলন এবং তাদের সমস্যা সমাধানে পুলিশ কাজ করছে।