
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন। দেশটির দূরপাল্লার ড্রোন হামলায় রাশিয়ার অন্তত দুটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন রুশ কর্মকর্তারা।
রোববার (১ নভেম্বর) রাতে রাশিয়ার নিজনি নভগোরোদ অঞ্চলের কস্তোভো তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলার পর আগুন লাগে। এর কিছুক্ষণ আগে সামারা অঞ্চলে রুশ রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান রোসনেফটের মালিকানাধীন আরেকটি বড় তেল শোধনাগারেও হামলা চালানো হয়।
রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এসব তথ্য জানা গেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, হোয়াইট হাউসের চাপের মুখে রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে ইউক্রেন। তবে ইউক্রেনের কর্মকর্তারা এ খবর অস্বীকার করেছেন।
কিয়েভ ইন্ডিপেনডেন্টকে দেওয়া বক্তব্যে ইউক্রেনের কর্মকর্তারা জানান, মার্কিন প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনারের পক্ষ থেকে ৩০ দিনের জন্য হামলা স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছিল। তবে এ প্রস্তাবে কিয়েভ কখনো সম্মতি দেয়নি।
রুশ কর্মকর্তাদের দাবি, শুক্রবার থেকেই দেশটির তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের হামলা নতুন করে শুরু হয়েছে। এ পরিস্থিতিতে ক্রেমলিনের অভিযোগ, যুক্তরাষ্ট্রের অনুরোধ উপেক্ষা করেই নিজেদের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে কিয়েভ।
এদিকে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করেছেন ট্রাম্প। গত মাসে রাশিয়ার ডিজেলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞাও প্রত্যাহার করেন তিনি।
সাম্প্রতিক তেল শোধনাগারগুলোতে হামলার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি জেলেনস্কি। তবে রাশিয়ার রোস্তভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী একটি প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠানে হামলার কথা জানিয়েছেন তিনি। ওই অভিযানে রাশিয়ার একটি প্যান্টসির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে বলেও দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
রাশিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করতে এ ধরনের অভিযানকে ইউক্রেনের ‘দূরপাল্লার নিষেধাজ্ঞা’ হিসেবে বর্ণনা করেছেন জেলেনস্কি।
তার দাবি, ইউক্রেনের শহরগুলোর গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় রাশিয়ার ধারাবাহিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতেই পাল্টা অভিযান চালাচ্ছে কিয়েভ।
রোববার রাতেও ইউক্রেনের চারটি অঞ্চলে রুশ হামলায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। এতে কয়েক লাখ পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
জেলেনস্কি বলেন, রাশিয়ার হামলার তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ব্যবস্থার ঘাটতিকে কাজে লাগিয়ে সর্বোচ্চ সুবিধা নেওয়ার চেষ্টা করছে মস্কো। রাজধানী কিয়েভের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় রোববার সেখানে আট থেকে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
এদিকে অক্টোবর মাসে রাশিয়ার ৫৪ হাজার ৪০০ সেনা নিহত ও আহত হয়েছেন বলে দাবি করেছেন জেলেনস্কি। তার ভাষ্য, পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর এক মাসে রুশ বাহিনীর এটিই সর্বোচ্চ ক্ষয়ক্ষতি।
একই সময়ে ইউক্রেন ৯৬ দশমিক ২ বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে রাশিয়া এর চেয়ে ১০ দশমিক ৪ বর্গকিলোমিটার কম এলাকা দখল করতে পেরেছে বলে উল্লেখ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
পরিস্থিতি তুলে ধরে জেলেনস্কি বলেন, ‘রাশিয়া হারছে।’