বলিউডের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর শেষ সিজনে একসঙ্গে হাজির হচ্ছেন তারকা দম্পতি কারিনা কাপুর খান ও সাইফ আলি খান। পরিচালক ও প্রযোজক করণ জোহরের সঞ্চালনায় অনুষ্ঠানটির শেষ সিজনের চতুর্থ পর্বে দেখা যাবে তাদের। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে পর্বটির একটি ঝলক, যেখানে উঠে এসেছে নানা হাস্যরসাত্মক মুহূর্ত।
বুধবার (৪ নভেম্বর) পর্বটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই করণ জোহরকে নিয়ে মজা করতে দেখা যায় কারিনা কাপুরকে। ‘কফি উইথ করণ’-এর শেষ সিজনের খবর শুনে অনেক অতিথিই হতাশা প্রকাশ করেছেন। তারা করণকে অনুষ্ঠানটি চালিয়ে যাওয়ার অনুরোধও জানিয়েছেন। তবে কারিনার প্রতিক্রিয়া ছিল একেবারেই ভিন্ন।
শেষ সিজনের প্রসঙ্গ তুলে কারিনা বলেন, ‘আমি খুব খুশি হয়েছি এবং স্বস্তি পেয়েছি। এবার আর আমাদের বারবার কফি উইথ করণে আসতে হবে না।’
কারিনার এমন মন্তব্যে পাল্টা রসিকতা করেন করণ। তিনি বলেন, অনুষ্ঠানটির শেষ সিজন নিয়ে কারিনার এই সংবেদনশীলতার জন্য তাকে ধন্যবাদ।
অন্যদিকে, ‘কফি উইথ করণ’-এর জমকালো পরিবেশে নিজেকে খুব একটা মানানসই মনে করেন না সাইফ আলি খান। অনুষ্ঠানের ঝলকে স্ত্রী ও করণের কথোপকথনের মাঝেই নিজের এই অনুভূতির কথা জানান অভিনেতা। তার ভাষায়, এই অনুষ্ঠানে নিজেকে কিছুটা ‘বেমানান’ মনে হয়।
পর্বের আরেকটি অংশে কারিনাকে মজার একটি প্রশ্ন করেন করণ। বর্তমান বলিউড অভিনেতাদের মধ্যে কাকে তিনি সবার ওপরে রাখবেন, তা জানতে চান পরিচালক। তবে কারিনার উত্তর ঝলকে প্রকাশ করা হয়নি। স্ত্রীর জবাবের প্রসঙ্গে সাইফ মজা করে বলেন, অন্য অভিনেতাদের প্রশংসাও করতে পারেন কারিনা।
এ ছাড়া অনুষ্ঠানে বলিউডের তারকা সন্তানদের নিয়েও আলোচনা হয়। বিষয়টি নিয়ে হাস্যরসের পাশাপাশি করণ জোহরকে খোঁচা দিতেও দেখা যায় সাইফকে।
বলিউডে স্বজনপ্রীতি বা তারকা সন্তানদের বিশেষ সুযোগ দেওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরেই সমালোচিত করণ জোহর। তার প্রযোজনা ও পরিচালনায় একাধিক তারকা সন্তান বলিউডে কাজের সুযোগ পেয়েছেন। অনুষ্ঠানের ঝলকে সেই প্রসঙ্গও উঠে এসেছে।
সব মিলিয়ে কারিনা ও সাইফের ব্যক্তিগত রসিকতা, করণের সঙ্গে খুনসুটি এবং বলিউডের পরিচিত বিতর্ক নিয়ে শেষ সিজনের এই পর্বটি দর্শকদের আগ্রহ তৈরি করেছে।