
বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে পরিচিত ফিনল্যান্ডে এবার মিলতে পারে প্রেমের সন্ধান। আর এ জন্য বিমানভাড়া, থাকা-খাওয়া থেকে শুরু করে পুরো ভ্রমণের খরচও দিতে হবে না। বিশ্বের বিভিন্ন দেশের ১৬ জন অবিবাহিত নারী-পুরুষকে বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ দিচ্ছে দেশটির পর্যটন সংস্থা ‘ভিজিট ফিনল্যান্ড’।
‘ফিনিশ ডিনার ডেট’ নামের ব্যতিক্রমী এ আয়োজনের মূল উদ্দেশ্য শুধু পর্যটন নয়। ফিনল্যান্ডের খাবার ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি স্থানীয় অবিবাহিতদের সঙ্গে পরিচয়ের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। সেই পরিচয় থেকে কারও জীবনে নতুন প্রেমের সূচনাও হতে পারে।
মার্কিন সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ আয়োজন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত ১৬ জন অবিবাহিত নারী-পুরুষ এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
আয়োজনের অন্যতম আকর্ষণ হলো বিশেষ গ্রুপ ডিনার ডেট। এতে বিদেশি অতিথিদের সঙ্গে ফিনল্যান্ডের স্থানীয় অবিবাহিতদের পরিচয় করিয়ে দেওয়া হবে। রাজধানী হেলসিঙ্কি এবং লেকল্যান্ড অঞ্চলের ট্যাম্পেরে শহরে এসব নৈশভোজের আয়োজন করা হবে।
অংশগ্রহণকারীদের জন্য থাকবে ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী খাবারের বিশেষ মেনু। বুনো মাছ, বিভিন্ন ধরনের বেরি এবং বন থেকে সংগ্রহ করা মাশরুম দিয়ে তৈরি খাবার পরিবেশন করা হবে। দেশটির কয়েকজন খ্যাতনামা শেফ এসব খাবারের মেনু তৈরি করবেন।
বিজনেস ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হেলি জিমেনেজ বলেন, ফিনল্যান্ডের খাবারের সঙ্গে দেশটির সুখী জীবনযাপনের গভীর সম্পর্ক রয়েছে। খাবারের মধ্য দিয়ে প্রকৃতি, ঋতু এবং মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হয়।
তিনি বলেন, খাবার ফিনল্যান্ডের মানুষকে একত্র করে। এবার ভ্রমণকারীদেরও সেই অভিজ্ঞতার অংশ হওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে।
প্রেমের খোঁজে ‘সিঙ্গেল বাস্কেট’ থেকে অনুপ্রেরণা
‘ফিনিশ ডিনার ডেট’ আয়োজনের পেছনে রয়েছে ফিনল্যান্ডের একটি জনপ্রিয় ডেটিং প্রবণতা, যার নাম ‘সিঙ্কুকোরি’ বা ‘সিঙ্গেল বাস্কেট’।
দেশটির কয়েকটি সুপারশপে অবিবাহিত ক্রেতাদের জন্য গোলাপি রঙের বিশেষ শপিং বাস্কেট রাখা হয়েছে। এসব বাস্কেট ব্যবহার করে ক্রেতারা অন্যদের কাছে ইঙ্গিত দিতে পারেন যে, তাঁরা নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বা সম্পর্কে জড়াতে আগ্রহী।
এই ধারণা থেকেই আন্তর্জাতিক পর্যায়ে ব্যতিক্রমী ডেটিং আয়োজনের পরিকল্পনা করেছে ভিজিট ফিনল্যান্ড।
সংস্থাটির মতে, বিশ্বের বিভিন্ন দেশের খাবার আন্তর্জাতিকভাবে পরিচিত হলেও ফিনল্যান্ডের নিজস্ব খাদ্যসংস্কৃতি এখনো অনেকের কাছে অপরিচিত। অথচ দেশটির খাবারের সঙ্গে প্রকৃতি ও ঐতিহ্যের নিবিড় সম্পর্ক রয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
বিশ্বের যেকোনো দেশের ১৮ বছর বা তার বেশি বয়সি অবিবাহিত নারী-পুরুষ এ আয়োজনে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে অবশ্যই ফিনল্যান্ডের বাইরের কোনো দেশের বাসিন্দা হতে হবে। আবেদন করতে হবে এককভাবে; দলগত আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের শেষ সময় ২০২৬ সালের ১০ নভেম্বর, ফিনল্যান্ডের স্থানীয় সময় সকাল ১১টা ৫৯ মিনিট (ইইটি)।
নির্বাচিত ১৬ জনের নাম আগামী ১ ডিসেম্বর ভিজিট ফিনল্যান্ডের ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টে প্রকাশ করা হবে।
আবেদনের নিয়ম কী?
আগ্রহীদের প্রথমে ইংরেজিতে একটি ছোট ভিডিও তৈরি করতে হবে। ভিডিওতে উত্তর দিতে হবে একটি প্রশ্নের—‘ডিনার ডেটে আপনি আপনার সঙ্গীকে কোন খাবার পরিবেশন করবেন এবং কেন?’
এরপর ভিডিওটি নিজের পাবলিক ইনস্টাগ্রাম, টিকটক অথবা ইউটিউব অ্যাকাউন্টে প্রকাশ করতে হবে। পোস্টের সঙ্গে ব্যবহার করতে হবে #FinnishDinnerDate হ্যাশট্যাগ এবং ট্যাগ করতে হবে ভিজিট ফিনল্যান্ডের অফিশিয়াল অ্যাকাউন্ট।
ভ্রমণের সব খরচ দেবে ফিনল্যান্ড
এ আয়োজনের জন্য নির্বাচিত ১৬ জনের বিমানভাড়া, আবাসন, খাবার এবং বিভিন্ন কার্যক্রমের সম্পূর্ণ খরচ বহন করবে ফিনল্যান্ডের পর্যটন বোর্ড।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, অংশগ্রহণকারীরা একসঙ্গে নৈশভোজে অংশ নেবেন। সেখানে থাকবে বিশেষভাবে তৈরি খাবারের স্বাদ নেওয়ার সুযোগ এবং নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার পরিবেশ।
ফলে বিশ্বের সবচেয়ে সুখী দেশে বিনা খরচে ভ্রমণের পাশাপাশি নতুন বন্ধুত্ব কিংবা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠার সুযোগও তৈরি হতে পারে।
সূত্র: ফোর্বস ও ভিজিট ফিনল্যান্ড।