চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-০ গোলের জয়ে একটি গোল করে টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ গোল করা টিনএজার হয়েছেন তিনি। এ পথে পেছনে ফেলেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ম্যাচের সপ্তম মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে দেন ইয়ামাল। অ্যাস্টন ভিলার রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে বাঁকানো শটে গোলরক্ষক জিওন সুজুকিকে পরাস্ত করেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।
এই গোলের মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে ইয়ামালের গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে। অন্যদিকে, টিনএজার হিসেবে এমবাপ্পের গোল ছিল ১৩টি। মাত্র ৩৭ ম্যাচ খেলেই এই রেকর্ড নিজের করে নিয়েছেন বার্সেলোনার ১৯ বছর বয়সী তারকা।
চ্যাম্পিয়নস লিগে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছেন ইয়ামাল। প্রতিযোগিতাটির মূল পর্বে শুরুর একাদশে মাঠে নামা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় তিনি। পোর্তোর বিপক্ষে ইউরোপীয় প্রতিযোগিতায় পূর্ণাঙ্গ অভিষেকের সময় তার বয়স ছিল মাত্র ১৬ বছর ৮৩ দিন।
এ ছাড়া একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের রেকর্ডও তার দখলে। সেমিফাইনালে গোল করা সবচেয়ে কম বয়সী ফুটবলারও ইয়ামাল। ১৮ বছর পূর্ণ হওয়ার আগে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ পাঁচ গোল এবং ১৯ বছর বয়সের আগে সর্বোচ্চ ১১ গোলের রেকর্ডও গড়েছেন তিনি।
তবে একটি রেকর্ড হারাতে হয়েছে ইয়ামালকে। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে খেলা সবচেয়ে কম বয়সী ফুটবলার হওয়ার কৃতিত্ব এখন আর তার দখলে নেই। চলতি বছরের শুরুতে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন ম্যাক্স ডাউম্যান।
এদিকে, চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে তার গোলসংখ্যা ১৩। পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরও ১১টি। বয়স মাত্র ১৯ হলেও ইউরোপীয় ফুটবলে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন বার্সেলোনার এই স্প্যানিশ তারকা।