মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের আন্দোলন ও অসন্তোষের মধ্যেই নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা বসেছে বুধবার (৪ নভেম্বর)।
রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে বেলা ১১টায় এ বৈঠক শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান।
বোর্ডের শিল্প শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শ্রম আইন অনুযায়ী তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে, পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে বিভিন্ন স্থানে অসন্তোষ ও আন্দোলনের মধ্যে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য পৃথক মজুরি বোর্ড গঠন করা হয়।
নতুন বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধিরা বোর্ডের সঙ্গে কাজ করেন। শ্রম আইনের ১৩৯ ধারা অনুযায়ী, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ অথবা উভয় পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার কোনো শিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি নির্ধারণের উদ্যোগ নিতে পারে।
এদিকে, সম্প্রতি শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। ফলে এখন থেকে তিন বছর পরপর শ্রমিকদের মজুরি পুনর্বিবেচনার সুযোগ তৈরি হয়েছে।