
প্রিপেইড মিটার ব্যবস্থার প্রযুক্তিগত উন্নয়ন বা সিস্টেম আপগ্রেডেশনের কারণে টানা ২৪ ঘণ্টা রিচার্জ সেবা বিঘ্নিত হতে পারে। এ সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গ্রাহকদের আগেভাগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স জমা রাখার পরামর্শ দিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)।
বুধবার (৪ নভেম্বর) সকালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ বিতরণ সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রিপেইড সিস্টেম আপগ্রেডেশনের কাজের জন্য আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত রিচার্জ সেবা বন্ধ অথবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।
তবে এ সমস্যার প্রভাব সব গ্রাহকের ওপর পড়বে না। ডেসকোর বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব গ্রাহকের প্রিপেইড মিটারের নম্বর ০৩ দিয়ে শুরু হয়েছে, শুধু তারাই এ সাময়িক সমস্যার মুখে পড়তে পারেন।
এ পরিস্থিতিতে নির্ধারিত সময়ের আগেই মিটারে প্রয়োজনীয় ব্যালেন্স নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের অনুরোধ জানিয়েছে ডেসকো। সংস্থাটির পরামর্শ, রিচার্জ সেবা বন্ধ থাকার সময় যেন ব্যালেন্স শেষ হয়ে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন না ঘটে, সে জন্য আগেই পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখা উচিত।
জরুরি প্রয়োজনে গ্রাহকদের ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডেসকো।