
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। ব্যক্তিগত অনুভূতি, অভিজ্ঞতা ও নানা বিষয়ে নিজের মতামত প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। এবার নিজের সাক্ষাৎকার দেখার বিষয়ে এক মজার অভিজ্ঞতা জানিয়ে আলোচনায় এসেছেন তিনি।
শবনম ফারিয়া জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সাক্ষাৎকার সামনে এলে বেশ অস্বস্তি বোধ করেন তিনি। এমনকি নিজের সাক্ষাৎকারের ভিডিও চোখে পড়লে সেটি এড়িয়ে যেতে ‘নট ইন্টারেস্টেড’ অপশন ব্যবহার করেন।
সম্প্রতি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অভিনেত্রী লেখেন, ‘বিভিন্ন পেজ থেকে আমার নিজের ইন্টারভিউ আমার হোম পেইজে আসলে এত ক্রিঞ্জ লাগে! নট ইন্টারেস্টেড দিয়ে হাইড করে দেই!’
নিজের এমন অনুভূতির কারণও পোস্টে ব্যাখ্যা করেছেন ফারিয়া। তার মতে, নিজের কথা বা ভিডিও নিজেই দেখতে গেলে একধরনের অস্বস্তি তৈরি হয়। আর অন্য দর্শকদের কাছে বিষয়টি আরও বেশি বিরক্তিকর মনে হতে পারে—এমন ধারণা থেকেই পডকাস্ট কিংবা টকশোতে অংশ নেওয়া এড়িয়ে চলেন তিনি।
এ প্রসঙ্গে অভিনেত্রী আরও লেখেন, ‘আমারই এমন লাগে, অন্যদের জানি কেমন লাগে। বিশ্বাস করেন এজন্য আমি কোনো পডকাস্টে যাই না, একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে।’
শবনম ফারিয়ার এই অকপট মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। পোস্টের মন্তব্যের ঘরে অনেকে তার সঙ্গে মজার ছলে একমত হয়েছেন, আবার কেউ কেউ জানিয়েছেন, অভিনেত্রীর কথা শুনতে তাদের ভালোই লাগে।
এক ভক্ত মন্তব্যে লিখেছেন, ‘কী বলেন, আমার তো আপনার কথা শুনতে ভালোই লাগে।’ আরেকজন লিখেছেন, ‘আপনার কথাগুলো সুন্দর, ভালো লাগে।’
উল্লেখ্য, বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন শবনম ফারিয়া। ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর ২০১৮ সালে অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি।
‘দেবী’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন ফারিয়া। এ ছাড়া ‘মুন্সিগিরি’ ও ‘মোবারকনামা’র মতো ওয়েব সিরিজেও অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি।