
কক্সবাজারে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও কম্পিউটার উদ্ধারের ঘটনায় করা মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন চীন ও তাইওয়ানের ছয় নাগরিক। বুধবার (৪ নভেম্বর) রাতে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই তারা বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।
এর আগে বুধবার দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম তাদের জামিন মঞ্জুর করেন। চীনা দূতাবাসের জিম্মায় তাদের জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এম আবদুল মন্নান।
তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রযোজ্য আইন পর্যালোচনা করে আদালত ছয়জনের জামিন মঞ্জুর করেছেন। চীনা দূতাবাসের জিম্মায় তাদের মুক্তির আদেশ দেওয়া হয়েছে।
কারাগার সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫টার দিকে ছয় বিদেশি নাগরিকের জামিনের আদেশের কপি কারাগারে পৌঁছায়। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রাত সাড়ে ৭টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর কক্সবাজার শহরের সি-প্যালেস হোটেলের সামনে থেকে ওই ছয় বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উখিয়ার ইনানী ও কক্সবাজারের হিমছড়ি এলাকার বিভিন্ন রিসোর্টে অভিযান চালায় পুলিশ।
অভিযানে রিসোর্টগুলো থেকে মোট ১ হাজার ৯৩৮টি আইফোন, আনুমানিক ৪০টি কম্পিউটার এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।
মামলাটিতে গ্রেফতারের পর থেকে কারাগারে থাকা ছয় বিদেশি নাগরিক বুধবার আদালতের জামিন আদেশের পর মুক্তি পেলেন।