দাঙ্গা নিয়ন্ত্রণ, জনশৃঙ্খলা বজায় রাখা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন তুরস্কের জেন্ডারমেরি বাহিনীর পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
বাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো তুরস্কের জেন্ডারমেরি বাহিনীর বিশেষজ্ঞ দল এ ধরনের প্রশিক্ষণ পরিচালনা করল। গত ১ নভেম্বর শুরু হওয়া প্রশিক্ষণে বিসিএস (আনসার) কর্মকর্তা, এসআরবি এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন।
প্রশিক্ষণে দাঙ্গা নিয়ন্ত্রণ, জনশৃঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার কৌশল শেখানো হয়।
অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, তুরস্কের বিশেষজ্ঞ দলের মাধ্যমে এ প্রশিক্ষণ বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান দেশের যেকোনো স্থানে জনশৃঙ্খলা রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, বাহিনীর আধুনিক সরঞ্জাম ও অপারেশনাল সক্ষমতা বাড়ানোর উদ্যোগ অব্যাহত রয়েছে।
প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতা নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগের পাশাপাশি অন্য সদস্যদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান মহাপরিচালক। একই সঙ্গে সততা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
এদিকে একই অনুষ্ঠানে ২৮ দিনব্যাপী উপজেলা ও থানা আনসার উচ্চতর প্রশিক্ষণ-১ কোর্সেরও সমাপ্তি ঘোষণা করা হয়। এ প্রশিক্ষণে বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং সেনাবাহিনীর প্রশিক্ষকেরা দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেল, তুরস্ক দূতাবাসের প্রতিনিধি, প্রশিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।