দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। পর্দায় আসন্ন সিনেমা ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। তবে বাস্তব জীবনে কেমন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেন এই অভিনেত্রী? সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে এ বিষয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন তিনি।
দীপাবলি উপলক্ষে আয়োজিত বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘রামায়ণ’ সিনেমার তিন অভিনয়শিল্পী রণবীর কাপুর, সাই পল্লবী ও রবি দুবে। অনুষ্ঠানের সঞ্চালক অমিতাভ বচ্চন একপর্যায়ে সাই পল্লবীকে প্রশ্ন করেন, জীবনসঙ্গীর মধ্যে কেমন গুণ দেখতে চান তিনি?
জবাবে অভিনেত্রী জানান, সবার আগে তার কাছে গুরুত্বপূর্ণ একজন মানুষের ভালো হওয়া। তবে শুধু ভালো মানুষ হলেই হবে না, জীবনসঙ্গীর মধ্যে আরও কিছু বিশেষ গুণ থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি।
সাই পল্লবীর ভাষ্য, তার জীবনসঙ্গী যেন আত্মকেন্দ্রিক না হন। নিজের কাজ, চিন্তাভাবনা ও আচরণ সম্পর্কে সচেতন থাকাও জরুরি। পাশাপাশি নিজের ভুল বুঝতে পারা এবং কোনো সমস্যার জন্য অন্যকে দায়ী না করে আত্মসমালোচনা করার মানসিকতা থাকতে হবে।
জীবনসঙ্গীর পছন্দের তালিকা দিতে গিয়ে একপর্যায়ে মজার ছলে অভিনেত্রী বলেন, ‘আমি অনেক বড় তালিকা দিয়ে ফেলছি। তবে মানুষ ভালো হওয়াটা জরুরি। এসবের সঙ্গে রান্না জানলে আরও ভালো।’
অভিনেত্রীর এই বক্তব্যে সম্পর্কের ক্ষেত্রে আত্মসচেতনতা ও দায়িত্বশীলতার বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে। তার মতে, একটি সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু ভালোবাসা কিংবা ভালো ব্যবহার যথেষ্ট নয়। নিজের আচরণ সম্পর্কে সচেতন থাকা এবং ভুল হলে তা স্বীকার করার মানসিকতাও প্রয়োজন।
বিশেষ করে নিজের ভুলের দায় অন্যের ওপর চাপিয়ে না দিয়ে তা মেনে নেওয়া, প্রয়োজনে ক্ষমা চাওয়া এবং নিজেকে সংশোধনের চেষ্টা করাকে গুরুত্বপূর্ণ মনে করেন তিনি।
সাই পল্লবীর কথায়, দুজন মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও দায়িত্বশীলতা থাকলে সম্পর্ক আরও সুন্দর হয়ে ওঠে। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বাহ্যিক বিষয়গুলোর চেয়ে মানুষের ব্যক্তিত্ব ও মানসিকতাকেই যে বেশি গুরুত্ব দেন, তার বক্তব্যে সেই ইঙ্গিতই পাওয়া গেছে।
আসন্ন ‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে সাই পল্লবীর অভিনয় ঘিরেও দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে। অন্যদিকে বাস্তব জীবনের সঙ্গী নিয়ে তার এই খোলামেলা বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে।