একজন খেলোয়াড় যত বড়ই হোন, দলের চেয়ে বড় নন। ফুটবলে কথাটা খুব পরিচিত। কিন্তু তারকা ফুটবলারদের সামলানোর সময় এই দর্শনে অটল থাকা সহজ নয়। বিশেষ করে সেই খেলোয়াড় যদি হন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিও অবশ্য এ ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। তাঁর কাছে সবার আগে দল, এরপর অন্য সবকিছু।
তারকাদের ঘিরে সব সময়ই প্রত্যাশা থাকে বেশি, সমালোচনাও হয় বেশি। খারাপ খেললেও প্রশ্ন ওঠে, ভালো খেললে সেটাই যেন স্বাভাবিক। ভিনিসিয়ুস জুনিয়রের ক্ষেত্রেও ব্যাপারটা তেমন। রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কাছ থেকে প্রত্যাশা সব সময় আকাশছোঁয়া; কিন্তু এথেন্সে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তিনি সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি।
এতেই প্রশ্ন উঠেছে, ভিনিসিয়ুস নিজের সেরা অবস্থায় না থাকলেও কি তাঁকে খেলিয়ে যাবেন কোচ জোসে মরিনিও? স্পষ্ট উত্তর দিয়েছেন পর্তুগিজ কোচ। একজন খেলোয়াড়ের জন্য দলের ক্ষতি করতে রাজি নন তিনি। তাঁর কাছে সবার আগে রিয়াল মাদ্রিদ।
আগামীকাল লা লিগায় ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে রিয়াল। ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে এসেছে ভিনিসিয়ুসের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রসঙ্গ। যা নিয়ে মরিনিও বলেছেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দল। একজন খেলোয়াড়কে সুবিধা দিতে আমি কখনোই ইচ্ছা করে দলের ক্ষতি করতে চাই না।’