
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশে ফেরার পরিবর্তে তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, আগামী ডিসেম্বরে কেউ দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে মনে হচ্ছে। এ পরিস্থিতিতে জুলাই গণ-অভ্যুত্থানের মতো আবারও প্রস্তুত থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আগের আন্দোলনের পর প্রতিপক্ষের প্রতি উদারতা দেখানো হয়েছিল। ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশায় ক্ষমা ও ইনসাফের কথা বলা হয়েছিল। কিন্তু গত দুই বছরে ওসমান হাদি হত্যাকাণ্ড এবং জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের হত্যার বিচার পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলামের ভাষ্য, মানুষ ন্যায়বিচার না পেলে নিজেরাই প্রতিরোধ গড়ে তুলতে পারে। ডিসেম্বরকে তিনি প্রতিরোধ ও বিজয়ের মাস হিসেবে উল্লেখ করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশের ছাত্র-জনতা বিজয় অর্জন করবে।
শিক্ষার্থীদের উদ্দেশে এনসিপির আহ্বায়ক বলেন, দেশের ছাত্রসমাজ ও বিশ্ববিদ্যালয়গুলো এখনো সচেতন রয়েছে। আগের প্রজন্মের শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে যে ধারাবাহিকতা তৈরি করেছেন, নতুন শিক্ষার্থীদের তা ধরে রাখতে হবে।
তিনি বলেন, কোনো ফ্যাসিবাদের জায়গা বিশ্ববিদ্যালয়ে কিংবা বাংলাদেশ রাষ্ট্রে হবে না।
বিশ্ববিদ্যালয়জীবনকে শুধু ব্যক্তিগত ক্যারিয়ার গঠনের সময় হিসেবে না দেখে দেশ ও সমাজের প্রতি দায়িত্ব পালনের সময় হিসেবেও বিবেচনা করার আহ্বান জানান নাহিদ ইসলাম।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আবাসন, পরিবহন ও শ্রেণিকক্ষের সংকট রয়েছে। এসব সমস্যা সমাধানে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা থাকা প্রয়োজন।
বিশ্ববিদ্যালয়গুলোতে র্যাগিং, ছাত্র নির্যাতন, গেস্টরুম ও গণরুম সংস্কৃতির সমালোচনা করে তিনি এসবের বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ছাত্রসংগঠনগুলোর দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, শুধু নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে স্বাগত জানানোই ছাত্ররাজনীতির কাজ নয়। শিক্ষার্থীদের বাস্তব সমস্যার সমাধানে ভূমিকা রাখা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি তুলে ধরাও ছাত্রসংগঠনগুলোর দায়িত্ব।
বক্তব্যে নাহিদ ইসলাম মেধাভিত্তিক বাংলাদেশ গঠন, দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ, সুশাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
তিনি শিক্ষার্থীদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানটি আয়োজন করে জাতীয় ছাত্রশক্তির নোবিপ্রবি শাখা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।