বিনোদন
ঢাকার একটি ফ্যাশন শোতে দর্শকদের স্লোগানকে কেন্দ্র করে নতুন করে বিতর্কে জড়িয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। মঞ্চে পারফরম্যান্সের শেষ পর্যায়ে তাকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন উপস্থিত কয়েকজন দর্শক। এতে ক্ষুব্ধ হয়ে তাদের দিকে মধ্যমা আঙুল প্রদর্শন করেন বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে দৈনিক যুগান্তর।
রোববার (৮ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ নামের একটি ফ্যাশন শোতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পাঁচ দিনব্যাপী এই ফ্যাশন আয়োজনের শেষ দিন ছিল রোববার। অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করছিলেন পরীমনি। পারফরম্যান্সের শেষ পর্যায়ে তাকে উদ্দেশ করে দর্শকদের একাংশ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে দর্শকদের দিকে মধ্যমা আঙুল প্রদর্শন করেন অভিনেত্রী। এ ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান তিনি।
তবে ওই অঙ্গভঙ্গি দর্শকদের নাকি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে করা হয়েছিল, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। যুগান্তরের প্রতিবেদনে এ বিষয়ে সাংবাদিকদের উদ্দেশে অঙ্গভঙ্গি করার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে অনুষ্ঠানের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন পরীমনি।
আগেও বিতর্কে জড়িয়েছিলেন পরীমনি
এর আগে রাজধানীর গুলশানে নিজের গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসেছিলেন পরীমনি। তবে ঘটনাস্থলে তার গাড়ি অক্ষত ছিল বলে দাবি করেছিলেন উপস্থিত সাংবাদিকরা। ওই ঘটনাকে কেন্দ্র করেও সাংবাদিকদের সঙ্গে তার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
নতুন এই ঘটনাকে ঘিরে আবারও আলোচনায় এসেছেন ঢালিউডের এই অভিনেত্রী।