
নিউজ প্রোভাইডার
নড়াইলের লোহাগড়া পৌরসভাধীন ১, ২ ও ৩ নাম্বার ওয়ার্ডের অন্তর্ভুক্ত দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ছাতরা খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সন্ধায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঐতিহ্যবাহী ছাতরার খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন
অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল-১ আসনের সংসদ সদস্য এবং নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।
লোহাগড়া পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সেবক মন্ডল, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাদুজ্জামান বাটু, সাবক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মিলু শরিফ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু, উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জাহাঙ্গীর আলম বলেন, প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এই খালটি দীর্ঘদিন ধরে কচুরিপানায় ভরে ছিল। খালটি পরিষ্কার হলে এখানে মাছ চাষ করা যাবে, এলাকার মানুষের কর্মসংস্থান হবে এবং পরিবেশ সুন্দর হবে। সরকারের বরাদ্দকৃত ৬ লক্ষ টাকার পাশাপাশি সকলের সম্মিলিত শ্রম ও প্রচেষ্টায় এই খাল পরিষ্কার করতে হবে।
তিনি আরও বলেন,খালে ময়লা-আবর্জনা ফেলা যাবে না। খালটা আমাদের সম্পদ, এটাকে আমাদেরই রক্ষা করতে হবে। সকলের সহযোগিতায় এই ছাতরা খালকে আবার আগের রূপে ফিরিয়ে আনা হবে। এ ছাড়া তিনি পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে আরও সহযোগিতার চেষ্টা করবেন বলে জানান এবং এখানে একটি মৎস্যজীবী সমিতি গঠনের কথা বলেন।
লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আহাদুজ্জামান বাটু বলেন, দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। খালটি পরিস্কার হলে এই এলাকার মানুষের অনেক উপকার হবে। অনেক মানুষের কর্মসংস্থান হবে। তিনি আরও বলেন আমরা লোহাগড়া পৌরসভাকে একটি মডেল ও পরিছন্ন পৌরসভা হিসেবে গড়ে তুলতে সকলে মিলেমিশে কাজ করে যাবো।