জেমস আব্দুর রহিম রানা: যশোরের বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বাজার কমিটি। আগুনের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার দরাজহাট ইউনিয়নের ছাতিয়ানতলা বাণিজ্য মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যেই দুটি দোকান ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে আগুন জ্বলতে থাকে।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া প্রতিষ্ঠান দুটি হলো আসাদুল স্টোর ও সৎসঙ্গ ট্রেডার্স। আসাদুল স্টোরের স্বত্বাধিকারী আসাদুল হোসেন (আসাদ) এবং সৎসঙ্গ ট্রেডার্সের স্বত্বাধিকারী শ্রী অসীম পাল।
ছাতিয়ানতলা বাজার কমিটির সভাপতি পলাশ জানান, রাত ১২টা ২৯ মিনিটের দিকে বাজারের নাইট গার্ড ফোন করে সৎসঙ্গ ট্রেডার্সে আগুন লাগার খবর দেন। খবর পাওয়ার পরপরই তিনি ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তাঁর দাবি, দুটি দোকান মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি।
এদিকে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে বলে অভিযোগ করেছেন বাজার কমিটির সভাপতি পলাশ। তিনি বলেন, বারবার ফোন করার পরও ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় নেয়। ঘটনাস্থলে পৌঁছানোর পাঁচ মিনিটের মধ্যেই গাড়িতে থাকা পানি শেষ হয়ে যায়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও কমানো সম্ভব হতো বলে মনে করেন তিনি।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বাঘারপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মাজেদুল হক। তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি ছিল না। তাঁদের গাড়িতে ১ হাজার ৮০০ লিটার পানি থাকে। সেই পানি শেষ হয়ে গেলে বিকল্প উৎস থেকে পানির ব্যবস্থা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় তদন্তের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।