![]()
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ (COP31)-এ যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন তিনি।
এ সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিসভার কয়েকজন সদস্য, রাজনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা।
১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এই সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে কপ-৩১ সম্মেলনের বিভিন্ন অধিবেশন। আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।
এই সফরের মধ্য দিয়ে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে জলবায়ুবিষয়ক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
