
বিনোদন ডেস্ক:
সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে বিয়ের বিষয়টি অবশেষে প্রকাশ্যে স্বীকার করেছেন আলোচিত ব্লগার আসাদ নূর। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে নিজের ইউটিউব চ্যানেলে লাইভে এসে তিনি এ তথ্য জানান।
লাইভে আসাদ নূর বলেন, তিনি পারশা মাহজাবীনকে বিয়ে করেছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ধরে আলোচনা ও নানা জল্পনা চলছিল। এবার সরাসরি লাইভে এসে বিয়ের বিষয়টি নিশ্চিত করলেন তিনি।
বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পেছনের পরিকল্পনা সম্পর্কে আসাদ নূর জানান, সমাজের প্রচলিত কিছু ট্যাবু ভাঙার ইতিবাচক উদ্দেশ্য থেকেই তারা বিষয়টি নিয়ে কৌশল অবলম্বন করেছিলেন। এ জন্য পাঞ্জাবি, শাড়ির আঁচল এবং ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার মতো কিছু ইঙ্গিত ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছিল।
তিনি আরও জানান, ছবি আড়ালে রাখা এবং পরবর্তী সময়ে কিছুটা নীরব থাকার মাধ্যমে মানুষের কৌতূহল ও প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করাই ছিল তাদের উদ্দেশ্য।
সমালোচকদের প্রসঙ্গে আসাদ নূর বলেন, ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে অতিরিক্ত আগ্রহ এবং সমাজের কিছু প্রচলিত ধারণা নিয়ে মানুষের প্রতিক্রিয়া সামনে আনতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছিল।
বিয়ের আইনগত প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪-এর অধীনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধর্মীয় আনুষ্ঠানিকতার প্রয়োজন হয়নি বলে উল্লেখ করেন তিনি।
পারশার পরিবার সম্পর্কে ইতিবাচক মন্তব্য করে আসাদ নূর বলেন, পারশা তার বাবা-মায়ের একমাত্র সন্তান এবং পরিবারের অত্যন্ত আদরের। তার বাবা শিক্ষক ও অধ্যাপক ছিলেন। ছোটবেলা থেকেই গান ও সংস্কৃতির পরিবেশে বেড়ে উঠেছেন পারশা। তার ক্যারিয়ার ও যোগ্যতার প্রতি সম্মান রেখেই একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আসাদ নূর।
এদিকে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগও নাকচ করেন তিনি। আসাদ নূরের দাবি, তিনি কিংবা পারশা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হয়ে কাজ করেন না। বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকেও তারা অর্থ বা অনুদান নেননি।
লাইভে পারশার জুলাই আন্দোলনে ভূমিকার কথাও তুলে ধরেন আসাদ নূর। তার ভাষ্য অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় পারশা আলোচিত ভূমিকা পালন করেছিলেন। ‘চলো ভুলে যাই’ গানটির সঙ্গেও তার গুরুত্বপূর্ণ সম্পৃক্ততা ছিল।
ধর্মীয় অনুভূতি নিয়ে আলোচনা করতে গিয়ে আসাদ নূর বলেন, গত দেড় বছর ধরে তিনি কোনো ধর্মের সমালোচনা করেন না। মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করাও তার উদ্দেশ্য নয়।
সবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পারশাকে নিয়ে আপত্তিকর ট্রল ও অপপ্রচার চালানোর সমালোচনা করেন তিনি। একই সঙ্গে নারীদের সম্মান ও মর্যাদা বজায় রাখার আহ্বান জানান।
সূত্র: আসাদ নূরের ইউটিউব লাইভ।