সাতক্ষীরায় পর্নোগ্রাফি আইনে দায়ের করা একটি মামলায় কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। সোমবার (৯ নভেম্বর) উভয় পক্ষের শুনানি শেষে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডল এ আদেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছে অর্থ দাবি করা হয়েছিল। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর আব্দুল্লাহ আল মামুন বর্তমানে কারাগারে রয়েছেন।
আব্দুল্লাহ আল মামুন সাতক্ষীরার দেবহাটা উপজেলার চণ্ডীপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় চণ্ডীপুর প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক করিম উল্লাহ মাস্টারের ছেলে।
সাতক্ষীরা আদালত পুলিশের পরিদর্শক নাজমুল হাসান জানান, গত ১ নভেম্বর দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ওরফে সাহেব আলী সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলাটি করেন। পরে গত বুধবার নিজ বাড়ি থেকে মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত একটি ল্যাপটপের পাশাপাশি দুই হাজার জিবি ধারণক্ষমতার একটি হার্ডডিস্ক উদ্ধার করা হয়।
সোমবার আদালতে মামুনের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী এ বি এম আনিছুজ্জামান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন উপপরিদর্শক (সিএসআই) মাজাহারুল ইসলাম। শুনানি শেষে বিচারক জামিন আবেদন খারিজ করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে প্রায় সাত মাস আগে নিজের স্ত্রী জান্নাতুল ফেরদৌস ওরফে মৌসুমীকে তালাক দেন আলমগীর হোসেন। পরবর্তী সময়ে ওই নারীর সঙ্গে দেবহাটা উপজেলার সখীপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক জিসান বাবুল ও আব্দুল্লাহ আল মামুনের পরিচয় ও যোগাযোগ হয়।
এজাহারে অভিযোগ করা হয়েছে, আলমগীর হোসেনের পারিবারিক জীবনের কিছু ব্যক্তিগত ভিডিও বিভিন্ন ব্যক্তির মাধ্যমে অন্যদের হাতে পৌঁছায়। এরপর গত ১৫ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কয়েক দফায় অর্থ দাবি করা হয়। একপর্যায়ে ভিডিও মুছে দেওয়ার কথা বলে এক লাখ টাকা চাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আলমগীর হোসেন বাদী হয়ে ছাত্রদল নেতা জিসান বাবুল, আব্দুল্লাহ আল মামুন, জান্নাতুল ফেরদৌস ওরফে মৌসুমী এবং অজ্ঞাতনামা আরও তিনজনের বিরুদ্ধে সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলার অন্য অভিযুক্তরা এখনো গ্রেপ্তার হননি বলে পুলিশ জানিয়েছে।
এদিকে কারাগারে থাকা আব্দুল্লাহ আল মামুনের ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সোমবার একটি স্ট্যাটাস প্রকাশ করা হয়। সেখানে ঘটনাটিকে একজন নারীকে রক্ষার চেষ্টা হিসেবে উল্লেখ করা হয়েছে। কারাগারে থাকা অবস্থায় তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস প্রকাশের বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।
মামলার বাদী আলমগীর হোসেন এ বিষয়ে প্রশ্ন তুলে বলেন, একজন আসামি কারাগারে থাকা অবস্থায় কীভাবে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দেওয়া হচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। তাঁর অভিযোগ, মামলার অন্য অভিযুক্তদেরও এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মামলার পর একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আসামির ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস প্রকাশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আসামির ব্যবহৃত হার্ডডিস্কসহ বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়েছে। তবে ফেসবুকে স্ট্যাটাস প্রকাশের বিষয়ে পুলিশের কাছে বিস্তারিত তথ্য নেই।