সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৮২ কোটি ৩৫ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ঘটনায় ১৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। যশোর রিজিয়নের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ১ সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে ৫১ কোটি ৯৮ লাখ টাকার বেশি মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৪ হাজার ৭৬২ বোতল মদ, ৩ দশমিক ১৩ কেজি হেরোইন, ৬৪ হাজার ৩১ পিস ইয়াবা, ৩১ হাজার ১৬ বোতল ফেনসিডিল এবং ২৪০ গ্রাম গাঁজা।
এ ছাড়া চোরাচালানবিরোধী অভিযানে ৩০ কোটি ৩৮ লাখ টাকার বেশি মূল্যের বিভিন্ন পণ্য আটক করা হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ৯ কেজি স্বর্ণ, পাঁচটি অস্ত্র ও ছয় রাউন্ড গুলি।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, যশোর রিজিয়নের আওতাধীন ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় দুটি সেক্টরের অধীনে সাতটি ইউনিটের ১১৩টি বর্ডার আউটপোস্ট (বিওপি) দায়িত্ব পালন করছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রতিদিন দিন-রাত ৪৫২টি টহল পরিচালনা করা হচ্ছে।
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, পুশইন এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধেও নজরদারি জোরদার করেছে বিজিবি। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে সংস্থাটি।
প্রেস ব্রিফিংয়ে ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সংরক্ষণে বিজিবি বদ্ধপরিকর। মাদক, অস্ত্র চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।