
সোনালি ফুলে ছেয়ে গেছে গাছের ডালপালা। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ প্রকৃতির বুকে ছড়িয়ে আছে সোনালি রঙের চাদর। পথচারীদেরও সহজেই আকৃষ্ট করছে আকাশমণি ফুলের মনোমুগ্ধকর সৌন্দর্য। তবে চোখজুড়ানো এই ফুলের আড়ালেই রয়েছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে অ্যালার্জি, হাঁপানি ও শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য বাড়তি সতর্কতা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সড়কের পাশে, পুকুরপাড়ে এবং বসতবাড়ির আশপাশে থাকা আকাশমণি গাছে এখন ফুল ফুটেছে। সোনালি রঙের এসব ফুল প্রকৃতির সৌন্দর্য বাড়ালেও বাতাসে ছড়িয়ে পড়া পরাগরেণু সংবেদনশীল মানুষের জন্য অস্বস্তির কারণ হতে পারে।
চিকিৎসকদের মতে, আকাশমণি ফুলের পরাগরেণু শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে নাক ও শ্বাসনালিতে প্রবেশ করলে অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এর ফলে হাঁচি, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ চুলকানো এমনকি শ্বাসকষ্টের মতো উপসর্গও দেখা দিতে পারে। যাদের আগে থেকেই হাঁপানি বা শ্বাসতন্ত্রের রোগ রয়েছে, তাদের ক্ষেত্রে সমস্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আকাশমণি গাছ একাশিয়া বা সোনাঝুরি নামেও পরিচিত। এর বৈজ্ঞানিক নাম Acacia auriculiformis। এটি দ্রুত বর্ধনশীল একটি চিরহরিৎ বৃক্ষ। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে এ গাছ দেখা যায়। অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনি এ গাছের আদি বিস্তৃতির অন্তর্ভুক্ত।
গাছটির ফুল সোনালি রঙের এবং অসংখ্য পুংকেশর একত্র হয়ে গুচ্ছাকারে ফোটে। সাধারণত সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ গাছে বেশি ফুল দেখা যায়। দ্রুত বৃদ্ধি ও কাঠের ব্যবহারিক মূল্য থাকায় একসময় দেশের বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে আকাশমণি গাছ লাগানো হয়েছিল।
তবে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ২০২৫ সালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। এসব প্রজাতির পরিবর্তে দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের নির্দেশনা দেওয়া হয়। অতিরিক্ত ভূগর্ভস্থ পানি শোষণ, মাটির আর্দ্রতা ও উর্বরতার ওপর বিরূপ প্রভাব এবং স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতির বিষয়গুলো নিষেধাজ্ঞার কারণ হিসেবে উল্লেখ করা হয়।
এদিকে ২০২৫ সালে প্রকাশিত World Allergy Organization Journal-এর একটি গবেষণায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় অ্যালার্জি সৃষ্টির সম্ভাবনা রয়েছে—এমন দশটি উদ্ভিদগোষ্ঠী ও প্রজাতির তালিকায় আকাশমণি গাছের নামও উঠে এসেছে। গবেষণায় এ গাছের পরাগরেণু থেকে অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মাজহারুল ইসলাম বলেন, বাইরে বের হলে প্রায়ই আকাশমণি ফুল চোখে পড়ে। ফুলের সোনালি রং সহজেই মানুষের নজর কাড়ে। তবে এই ফুলের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে আগে জানা ছিল না।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. মো. মনিরুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধিতে গাছের গুরুত্ব অনেক। তবে আকাশমণি গাছের সোনালি ফুলের পরাগরেণু বাতাসে ছড়িয়ে শ্বাসতন্ত্রের সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে যারা আগে থেকেই শ্বাসতন্ত্রের রোগে ভুগছেন, তাদের জন্য এটি জটিলতার কারণ হতে পারে।
তিনি আরও বলেন, যারা হাঁপানি বা শ্বাসকষ্টে আক্রান্ত, তাদের আকাশমণি ফুল ফোটার মৌসুমে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। এ সময় বাইরে বের হলে মাস্ক ব্যবহারের অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি তাই নিজের ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় আকাশমণি ফুলের মৌসুমে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।