
আন্তর্জাতিক ডেস্ক: শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পন্নুনের করা মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালসহ দেশটির কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে জারি করা আদালতের সমন ভারত সরকারের কাছে পৌঁছে দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তর কূটনৈতিক প্রক্রিয়ায় ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসের কাছে এসব সমন পাঠিয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন জেলা আদালতের নির্দেশনার পর এ পদক্ষেপ নেওয়া হয়। গত ২৮ অক্টোবর আদালতে দাখিল করা একটি নথিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর সমন পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে।
জানা গেছে, গত ৯ অক্টোবর ভারতীয় দূতাবাসের কাছে একটি কূটনৈতিক নোট পাঠিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। ওই নোটটি ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়েছিল।
মামলার বাদী গুরপতবন্ত সিং পন্নুন নিষিদ্ধ শিখ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)-এর সঙ্গে যুক্ত। নিজের বিরুদ্ধে কথিত হত্যাচেষ্টার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের আদালতে ক্ষতিপূরণ চেয়ে দেওয়ানি মামলাটি করেন তিনি।
মামলায় পন্নুনের অভিযোগ, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সংশ্লিষ্টতায় তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এ ঘটনায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং গোয়েন্দা সংস্থাটির সাবেক প্রধান সামন্ত গোয়েলের ভূমিকা ছিল বলেও অভিযোগ করেন তিনি।
তবে মামলায় উত্থাপিত এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।
এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কূটনৈতিক নোটের মাধ্যমে সমন পৌঁছে দেওয়া কেবল একটি প্রক্রিয়াগত পদক্ষেপ। চলমান দেওয়ানি মামলার বিষয়ে এটি যুক্তরাষ্ট্র সরকারের কোনো অবস্থান বা মতামত প্রকাশ করে না।
অন্যদিকে ভারত সরকার পন্নুনের মামলাকে ‘অযৌক্তিক ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে কথিত হত্যার পরিকল্পনার সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের সম্পৃক্ততার অভিযোগও ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে নয়াদিল্লি।
সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া