
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (১০ নভেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আইআরজিসির নৌবাহিনীর দাবি, দুটি তেলবাহী ট্যাংকারই অনুমোদনহীন নৌপথ ব্যবহার করে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় জাহাজ দুটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।
বিবৃতিতে আরও বলা হয়, একটি সুপারট্যাংকার সমুদ্রে পেতে রাখা নৌমাইনে আঘাত পেয়ে বিস্ফোরিত হয়েছে। অন্য ট্যাংকারটি যুক্তরাষ্ট্রের সামরিক যুদ্ধবিমানের সহায়তায় গোপনে নিষিদ্ধ নৌপথ অতিক্রমের চেষ্টা করছিল বলে দাবি করেছে ইরান। তবে দ্বিতীয় জাহাজে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালি অতিক্রমের আগে জাহাজ দুটি তাদের নেভিগেশন ও পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। পরে প্রণালির দক্ষিণ উপকূলের কাছাকাছি এলাকায় জাহাজ দুটিতে আগুন জ্বলতে দেখা যায়।
তবে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ট্যাংকার দুটির নাম, কোন দেশের পতাকাবাহী এবং মালিকানা কার—এসব তথ্য প্রকাশ করেনি ইরান। একই সঙ্গে হতাহতের সংখ্যা কিংবা জাহাজের নাবিকদের বর্তমান অবস্থা সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সামরিক যুদ্ধবিমান জড়িত থাকার বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, অনুমোদনহীন নৌপথে জাহাজ চলাচলের বিষয়ে সতর্ক করেছে আইআরজিসি। তাদের দাবি, মার্কিন সামরিক বাহিনীর সহযোগিতা নিয়ে নিষিদ্ধ পথে চলাচলের চেষ্টা করলে একই ধরনের পরিণতির মুখোমুখি হতে পারে সংশ্লিষ্ট জাহাজ।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ফেব্রুয়ারির হামলার পর থেকে হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি, তাসনিম নিউজ এজেন্সি।