
আন্তর্জাতিক ডেস্ক:
নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সেখানে বিভিন্ন পাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সেগুলো উৎক্ষেপণের ব্যবস্থাও প্রদর্শন করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ইরানের আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের পক্ষ থেকে নতুন এই ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন করা হয়।
উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আবদুল্লাহি এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি। এ সময় সামরিক স্থাপনাটিতে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সেগুলো উৎক্ষেপণের সরঞ্জাম প্রদর্শন করা হয়।
এর আগে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানিয়েছিলেন, মহাকাশ বাহিনী সপ্তাহ উপলক্ষে একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীসহ বেশ কয়েকটি সামরিক সক্ষমতা উন্মোচন করা হবে।
তিনি জানান, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন কার্যক্রম দ্রুতগতিতে ভূপৃষ্ঠের স্থাপনা থেকে ভূগর্ভস্থ কেন্দ্রে স্থানান্তর করেছে। শুধু অস্ত্র সংরক্ষণের জন্য ভূগর্ভস্থ স্থাপনা নির্মাণ নয়, মাটির গভীরে ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্যও বিশেষ অবকাঠামো গড়ে তোলা হয়েছে।
মোহেব্বির দাবি, ইরানের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা, বিস্তৃত ভূখণ্ড এবং নমনীয় উৎপাদন অবকাঠামোর কারণে ব্যাপক বোমাবর্ষণের মধ্যেও দেশটির অস্ত্র উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে।
বিশ্লেষকদের মতে, ভূগর্ভস্থ সামরিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন অবকাঠামো প্রদর্শনের মাধ্যমে নিজেদের সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা প্রস্তুতির বিষয়টি সামনে আনতে চাইছে তেহরান।
সূত্র: তাসনিম নিউজ