
বিনোদন ডেস্ক:
জনপ্রিয়তার নতুন মাইলফলক স্পর্শ করেছে অভিনেত্রী নুসরাত ফারিয়া ও অভিনেতা সজল অভিনীত ‘কন্যা’ গান। ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে ১০ কোটি বা ১০০ মিলিয়ন। ‘জ্বীন ৩’ সিনেমার জন্য নির্মিত গানটির এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। একই সঙ্গে গানটি প্রকাশের সময় দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলার স্মৃতিও জানিয়েছেন তিনি।
সম্প্রতি চ্যানেল আইয়ের সঙ্গে এক আলাপচারিতায় ‘কন্যা’ গানটির সাফল্য এবং গান প্রকাশের সময়কার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন এই অভিনেত্রী।
নুসরাত ফারিয়া জানান, ২০২৫ সালে গানটি প্রকাশের সময় তার ব্যক্তিগত জীবনে বেশ কঠিন পরিস্থিতি চলছিল। একদিকে অসুস্থ ছিলেন তার বাবা, অন্যদিকে নিজের নামও একটি মামলায় দেখতে হয়েছিল তাকে। সব মিলিয়ে সময়টি তার জন্য ছিল বেশ চ্যালেঞ্জিং।
অভিনেত্রীর ভাষ্য, সেই কঠিন সময়ে নিজের মনোবল ধরে রেখে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করেছেন তিনি। গানটি প্রকাশের দিন ইফতারের পর পর্দায় গানটি দেখার সময় দর্শকদের ইতিবাচক মন্তব্য তার চোখে পড়ে। ভক্তদের ভালোবাসা ও প্রশংসা দেখে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। একপর্যায়ে কেঁদেও ফেলেন।
ফারিয়ার মতে, একটি ভালো কাজের পেছনে শিল্পী ও সংশ্লিষ্ট সবার নিরলস পরিশ্রম থাকে। সেই কাজ যখন লাখো-কোটি মানুষের কাছে পৌঁছে যায়, তখন তা শিল্পীদের জন্য অনেক বড় প্রাপ্তি হয়ে ওঠে। ‘কন্যা’ গানটি ১০০ মিলিয়নের বেশি মানুষের কাছে পৌঁছানোকে দর্শকদের ভালোবাসার বিশেষ স্বীকৃতি হিসেবেই দেখছেন তিনি।
গানটির দৃশ্যায়নে ঈদ, বৈশাখ ও ফাল্গুনসহ বাঙালির বিভিন্ন উৎসবের রঙিন আবহ তুলে ধরা হয়েছে। উৎসবমুখর পরিবেশ, আকর্ষণীয় পোশাক ও প্রাণবন্ত উপস্থাপনা গানটিকে দর্শকদের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে। শুধু সিনেমার পর্দায় নয়, বিয়ে, গায়েহলুদসহ বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানেও গানটি ব্যাপকভাবে বাজতে শুরু করে।
২০২৫ সালের ১৭ মার্চ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ‘কন্যা’। প্রকাশের মাত্র ২০ দিনের মধ্যেই গানটি এক কোটি ভিউ অতিক্রম করে। ধারাবাহিক জনপ্রিয়তার মধ্য দিয়ে এবার সেটি ১০ কোটি ভিউয়ের মাইলফলক অর্জন করেছে।
‘জ্বীন ৩’ সিনেমায় নুসরাত ফারিয়ার পাশাপাশি অভিনয় করেছেন সজল। গানটির দৃশ্যেও দেখা গেছে তাদের। এতে নুসরাত ফারিয়া ঠোঁট মিলিয়েছেন। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা।
গানটির সাফল্যে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নুসরাত ফারিয়া জানিয়েছেন, আগামীতে আরও একটি নাচের গান নিয়ে হাজির হবেন তিনি।
অন্যদিকে, ‘জ্বীন ৩’ সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। হরর ঘরানার এই সিনেমাটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে। সিনেমাটির সহ-প্রযোজনায় রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম।