
যশোর প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় চিত্রা নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার খাজুরা বাজার সংলগ্ন ধর্মগাতি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার।
এ সময় নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ধর্মগাতি গ্রামের জিহাদ আলী গাজীর ছেলে মো. খিলাত আলী গাজীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশু, বন্দবিলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তরিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের মিউটেশন সহকারী কর্মকর্তা উত্তম কুমারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নদী ও নদীতীর থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।