
কানসাস সিটি স্টেডিয়ামে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে তিউনিসিয়াকে ৩-১ গোলে পরাজিত করেছে নেদারল্যান্ডস। এই জয়ের মাধ্যমে ৭ পয়েন্ট নিয়ে 'গ্রুপ এফ'-এর শীর্ষস্থান ধরে রেখে নিরাপদেই বিশ্বকাপের রাউন্ড অব ৩২ নিশ্চিত করল ডাচরা। অন্যদিকে, এই হারের পর কোনো পয়েন্ট না পেয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল তিউনিসিয়া।
ম্যাচ শুরুর মাত্র ৭ মিনিটের মধ্যেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় নেদারল্যান্ডস। ৩ মিনিটের মাথায় ডেনজেল ডামফ্রিসের একটি নিচু ক্রস ক্লিয়ার করতে গিয়ে তিউনিসিয়ার অধিনায়ক ইলাইয়াস সখিরি আত্মঘাতী গোল করে বসেন। এর ঠিক ৪ মিনিট পর, ভার্জিল ভ্যান ডাইকের হেড থেকে আসা আলগা বল জালে জড়িয়ে ব্যবধান ২-০ করেন ব্রায়ান ব্রোবি।
দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে হানিবাল মেজব্রির কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করে তিউনিসিয়াকে ম্যাচে ফেরানোর আশা জাগিয়েছিলেন হাজেম মাস্তুরি। তবে ৬২ মিনিটে কর্নার থেকে হেডের মাধ্যমে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করে নেদারল্যান্ডসের ৩-১ গোলের জয় নিশ্চিত করেন জান পল ভ্যান হেকে।