![]()
নিউজ প্রোভাইডার
কক্সবাজারের চকরিয়া পৌরসভার পশ্চিম কাহারিয়া ঘোনায় কয়লার ইস্ত্রি থেকে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হয়েছে একটি বসতঘর। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ১৩ বছর বয়সী এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছে তার ১৬ বছর বয়সী বড় ভাই। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
নিহত কিশোরের নাম ওমর ফারুক। সে স্থানীয় বাসিন্দা মৌলানা ফজল কাদেরের ছোট ছেলে। দগ্ধ বড় ভাইয়ের নাম আব্দুল্লাহ।
সোমবার (১৬ নভেম্বর) রাত ১২টার দিকে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, স্টিলের টিফিন বক্সে কয়লা জ্বালিয়ে কাপড় ইস্ত্রি করার সময় অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে বসতঘরসহ ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। এ সময় দুই ভাই আগুনে দগ্ধ হয়। পরে ঘটনাস্থলেই ছোট ছেলে ওমর ফারুকের মৃত্যু হয়। গুরুতর দগ্ধ অবস্থায় বড় ভাই আব্দুল্লাহকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
এদিকে মর্মান্তিক এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে চকরিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থসহ মানবিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের যুব রেড ক্রিসেন্ট চকরিয়া ইউনিটের ডেপুটি টিম লিডার মো. ইশফাতুল হাসান ইশফাত।
এ সময় ইউএনও শাহীন দেলোয়ার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি যেকোনো দুর্যোগ ও বিপর্যয়ের মুহূর্তে অসহায় মানুষের পাশে উপজেলা প্রশাসন থাকার আশ্বাস দেন।
