
ইরানের মিনাব শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের দুই নৌ-কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে ইরান। তাদের উদ্দেশে বলা হয়েছে, ‘আমরা তোমাদের খুঁজে বের করব।’
মধ্যপ্রাচ্যে প্রায় এক বছর অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্রের সান দিয়েগো ঘাঁটিতে ফিরে এসেছে যুদ্ধজাহাজ ইউএসএস স্প্রুয়ান্স। জাহাজটি দেশে ফেরার দিনেই এর দুই শীর্ষ কর্মকর্তাকে লক্ষ্য করে এ হুমকি দেওয়া হয়।
গত শুক্রবার (১৩ নভেম্বর) দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাসের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ওই দুই কর্মকর্তার ছবি প্রকাশ করে হুমকিমূলক বার্তাটি দেওয়া হয়।
ইরানের দাবি, এই দুই কর্মকর্তার নির্দেশেই দেশটির মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। ওই হামলায় ১৬৮ জন শিশু প্রাণ হারায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রায় ৩৫৭ দিনের অভিযানে ইউএসএস স্প্রুয়ান্স ইরানের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ ছাড়া ইরানের ড্রোন ও জাহাজ ধ্বংসের ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
পররাষ্ট্রনীতি বিশ্লেষক বেনহাম বেন তালেবলুর মতে, ইরানের এ ধরনের প্রকাশ্য হুমকি হোয়াইট হাউস ও পেন্টাগনের জন্য বড় সতর্কবার্তা।
এর এক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাকে হত্যা করে, তাহলে দেশটির অস্তিত্বই বিপন্ন হবে।
ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের কয়েকজন শীর্ষ কর্মকর্তার নিরাপত্তা জোরদার করা হয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ কয়েকজন কর্মকর্তা নিজেদের বাসা ছেড়ে সামরিক ঘাঁটি অথবা নিরাপদ আবাসনে অবস্থান নিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এ পরিস্থিতি নিয়ে ইরানি দূতাবাস বিদ্রূপ করে মন্তব্য করেছে, মার্কিন কর্মকর্তারা ভয়ে এখন বাঙ্কারে লুকিয়ে আছেন।
অন্যদিকে, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালালে ইউরোপে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানবে তেহরান।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি প্রাণনাশের হুমকিতে রূপ নিচ্ছে। এতে দুই দেশের মধ্যকার সংঘাত আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।