
সরকারের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, শুধু আইন প্রণয়ন করাই সংসদ সদস্যদের কাজ নয়; সরকারি অর্থের সঠিক ব্যবহার এবং উন্নয়ন প্রকল্পের কাজ যথাযথভাবে হচ্ছে কি না, সেটিও তাদের নজরদারিতে রাখতে হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে আয়োজিত এক পরিচিতিমূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাস্তবায়িত ‘প্রতিষ্ঠান, নীতি ও সেবার শক্তিশালীকরণ’ (এসআইপিএস) প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন পেশার দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন। আইন তৈরির পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি আরও বলেন, বর্তমানে সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি বেড়েছে। একই সঙ্গে এসব প্রকল্প বাস্তবায়নে কারিগরি ও অন্যান্য জটিলতাও বাড়ছে। তাই সরকারি কেনাকাটা ও প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখতে হবে। সরকারি সম্পদ যেন সঠিকভাবে ব্যবহার হয়, সে বিষয়েও সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম এবং সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার উন্নয়ন পরিকল্পনার সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) মিল থাকতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব। উন্নয়ন প্রকল্প সময়মতো বাস্তবায়নের পাশাপাশি প্রকল্পের গুণগত মানও বাড়াতে হবে।
বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন স্পিকার। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে প্রহসনের নির্বাচন, ভোট জালিয়াতি, অর্থপাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। এসব কর্মকাণ্ড দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। ১১ বছর পর নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে।
তিনি আরও বলেন, ২০১৫ সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রহণ করা হলেও তখনকার সংসদ সদস্যরা এর বাস্তবায়নে প্রয়োজনীয় জবাবদিহি নিশ্চিত করতে পারেননি। বর্তমান নির্বাচিত সংসদের জনপ্রতিনিধিরা এ লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে সংসদ সদস্যদের দৃষ্টিভঙ্গি, সক্ষমতা এবং কাজের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। এছাড়া ইউএনডিপির সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার ড্রাগান পপোভিচ বক্তব্য দেন।
কর্মসূচিতে সংসদের উন্নয়ন প্রকল্পে সহযোগিতার জন্য ইউএনডিপিকে ধন্যবাদ জানান স্পিকার এবং কর্মশালার উদ্বোধন করেন। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য, ইউএনডিপির প্রতিনিধি এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।