
ছোটপর্দার অভিনেত্রী ও মডেল ফারিন খান এক পরিচিত ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইলিং ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক লাইভে এসে নিজের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথা জানান তিনি। তবে আপাতত অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করেননি অভিনেত্রী।
ফারিন খান লাইভে জানান, তিনি একজন শিল্পী হলেও অভিনয়ের বাইরেও তাঁর ব্যক্তিগত জীবন রয়েছে। ব্যক্তিগত বিষয়গুলো সবসময় গণমাধ্যমের বাইরে রাখতে চেয়েছেন। কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বাধ্য হয়ে তাঁকে প্রকাশ্যে কথা বলতে হচ্ছে।
নিজের মানসিক অবস্থার কথা তুলে ধরে অভিনেত্রী বলেন, তাঁর চেহারা দেখলেই বোঝা যাবে তিনি কতটা মানসিকভাবে বিপর্যস্ত।
অভিনেত্রীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি তাঁর পূর্বপরিচিত। ওই ব্যক্তি ফারিনের সহকর্মীদের কাছে তাঁর ব্যক্তিগত ভিডিও ও কথোপকথন শেয়ার করছেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, যাঁদের কাছে এসব পাঠানো হচ্ছে, তাঁদের সঙ্গেও কথা বলতে চান।
অভিযুক্ত ব্যক্তির আচরণ নিয়ে সমালোচনা করে ফারিন তাঁকে প্রতারক ও ভণ্ড বলেও মন্তব্য করেন। তবে অভিযুক্তের পরিচয় এখনো প্রকাশ করেননি তিনি।
ফারিন খানের দাবি, একাধিকবার তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও মুঠোফোন হ্যাক করা হয়েছে। তাঁর ব্যক্তিগত অনেক নথিপত্রও অভিযুক্ত ব্যক্তির কাছে রয়েছে। এসব বিষয় নিয়ে ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।
ব্যক্তিগত কোনো কথোপকথন, ভিডিও বা অন্য কোনো তথ্য কারও কাছে পাঠানো হলে তাঁকে জানানোর অনুরোধ করেছেন অভিনেত্রী। তাঁর বক্তব্য, ভবিষ্যতে এসব ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হলে এর দায় অভিযুক্ত ব্যক্তিকেই নিতে হবে।
আগামী দুই থেকে তিন দিন শুটিংয়ের কাজে ব্যস্ত থাকায় এখনই অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করতে চান না ফারিন। কাজ শেষ করে অভিভাবক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন তিনি।
সেখানে পুরো ঘটনা বিস্তারিত তুলে ধরার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করবেন বলেও জানান অভিনেত্রী। একই সঙ্গে এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।