
নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, যারা আবারও রাস্তায় বের হয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করবে, তাদের ছাড় দেওয়া হবে না।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিল শুরুর আগে সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। এ সময় তিনি নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে কড়া বক্তব্য দেন।
বক্তব্যে রবিউল ইসলাম নয়ন বলেন, খুনি হাসিনার দলের নেতাকর্মীদের জন্য ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীদের মানবতার দরজা বন্ধ হয়ে গেছে। যারা বাঁচতে চান, তাদের আর রাস্তায় বের না হওয়ার আহ্বান জানান তিনি।
নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আর রাস্তায় বের হয়ো না। অন্তত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ভিতরে। খোদার কসম ছাড়ব না কিন্তু।’
যুবদল নেতা নয়ন আরও দাবি করেন, বুধবার কয়েকজনকে আটক করার পর তিনি তাদের রক্ষা করেছেন। রাতের অন্ধকারে যারা আগুন দিতে আসছে, তাদের ধরা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বক্তব্যে কিছু ব্যক্তির রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন রবিউল ইসলাম নয়ন। তাঁর অভিযোগ, কেউ কেউ আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের সঙ্গে ছিলেন, আবার বিএনপির সময় বিএনপির পরিচয় ব্যবহার করে নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করছেন।
এ ধরনের ব্যক্তিরা নিরাপদ থাকতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন যুবদলের এই নেতা।