
বান্দরবানের আলীকদম-চকরিয়া সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাজু চক্রবর্তী নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিবাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজু চক্রবর্তী আলীকদম থানায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কক্সবাজার জেলায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চকরিয়া থেকে আলীকদমগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পুলিশ সদস্য সাজু চক্রবর্তীর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বাস: হানিফ পরিবহন
বাসের রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব ১৪-১০৯৮
মোটরসাইকেলের নম্বর: চট্টগ্রাম মেট্রো-ল ১৫-৮৯৮৪
স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সড়কের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, ইউপি সদস্য শফিউল আলম বাদশা এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আয়েশা আক্তার।
দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর আলীকদম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিচয় শনাক্ত করে। সহকর্মী পুলিশ সদস্যের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “নিহত সাজু চক্রবর্তী আলীকদম থানায় কর্মরত একজন পুলিশ সদস্য। তিনি ডিউটির কাজে বের হয়েছিলেন। পরে দুর্ঘটনার খবর জানতে পারি। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”
আলীকদম ট্রাফিক পুলিশের ইনচার্জ সুজিত জানান, দুর্ঘটনার পর বাসটি সড়কের ওপর রেখে চালক ও হেলপার পালিয়ে যান। পরে বাসটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনগত কার্যক্রম চলমান।