
“মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি” এবং “মাদকের ভয়াল ছোবল রুখে দাও, তারুণ্যের জীবন বাঁচাও”—এমন সচেতনতামূলক স্লোগানকে সামনে রেখে যশোরের বাঘারপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শীরামপুর গ্রামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম। সভায় মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না; বরং একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। বিশেষ করে তরুণ ও যুবসমাজ মাদকের সংস্পর্শে এলে তাদের স্বাভাবিক জীবন, পড়াশোনা, কর্মসংস্থান ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়তে পারে।
তাই মাদকের বিরুদ্ধে এখনই সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি বলে মত দেন বক্তারা।
বক্তারা বলেন, মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং এলাকার সচেতন নাগরিকদের একসঙ্গে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, সন্তানদের চলাফেরা ও বন্ধু-বান্ধবের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। পাশাপাশি তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করতে হবে।
সভায় মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানো, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে জানানো এবং এলাকায় মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বক্তারা মাদকের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নম্বর বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান। সভা পরিচালনা করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ফুলমিয়া।