
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে মিছিল নিয়ে এমপি সেলিমুজ্জামানের বাড়ির সামনে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রোলবোমা নিক্ষেপ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু জানিয়েছেন, বেশ কিছু লোক মিছিল নিয়ে এমপি সেলিমুজ্জামানের বাড়িতে এসে পেট্রোলবোমা নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন।
এর আগের দিন বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কে এম বাবরের থানাপাড়া এলাকার আরাফ জেনারেল হাসপাতাল ও ক্লিনিকে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ভাঙচুর করা মালামাল বাইরে বের করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।
এরও আগের রাতে গোপালগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর টুঙ্গিপাড়ার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।
এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবির গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অন্যদিকে, গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় একটি মিছিল থেকে এফএনএফ নামে একটি সুপারশপে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গোপালগঞ্জে পরপর কয়েকটি স্থানে বিএনপির সংসদ সদস্যদের বাড়ি, ব্যক্তিগত কার্যালয় ও অন্যান্য স্থাপনায় হামলা-ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।
প্রতিবেদক : জেমস আব্দুর রহিম রানা