
দত্তের বাজারের মাঝখান দিয়ে চলে গেছে গফরগাঁও-টোক মূল সড়ক। সড়কের পাশ দিয়ে হাটে প্রবেশ করতেই দেখা যায়, সরু গলির দুই পাশে সারি সারি সবজির দোকান। কোথাও সাজানো কাঁচা পেঁপে ও লাউ, কোথাও আবার বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে বসেছেন কৃষকেরা।
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ের এই ঐতিহ্যবাহী হাটের বিশেষত্ব হলো, এখানকার অধিকাংশ শাকসবজি পুরাতন ব্রহ্মপুত্র নদের উর্বর চরে উৎপাদিত। স্থানীয় কৃষকেরা নিজেদের জমিতে চাষ করা ফসল সরাসরি বিক্রির জন্য নিয়ে আসেন।
দত্তের বাজারে আলু, বেগুন, টমেটো, গাজর, মুলা, পটোল, ঢ্যাঁড়স, ফুলকপি, বাঁধাকপি, শিম, শসা, লাউ ও কুমড়াসহ প্রায় সব ধরনের মৌসুমি শাকসবজি পাওয়া যায়।
এখানে একজন কৃষক সাধারণত নিজের জমিতে উৎপাদিত নির্দিষ্ট ধরনের ফসল নিয়ে বসেন। একেকজন একেক ধরনের সবজি বিক্রি করায় পুরো বাজারেই বিভিন্ন জাতের শাকসবজির সমাহার দেখা যায়।
বাজারটিতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৮০টির বেশি সবজির দোকান রয়েছে। সোমবারের বড় হাটে প্রায় ১৫ লাখ টাকার এবং শুক্রবারের ছোট হাটে প্রায় ৫ লাখ টাকার শাকসবজি কেনাবেচা হয়। সে হিসাবে শুধু সবজির হাটেই বছরে ১০ কোটি টাকার বেশি লেনদেন হয়।
বাজারে ছোট একটি খাটের ওপর বেগুন, শিম ও ফুলকপি নিয়ে বসেছিলেন ৫৫ বছর বয়সী সবজি বিক্রেতা হাসেম। তাঁর সবজিগুলো নিজের জমিতে উৎপাদিত।
হাসেম জানান, প্রায় ৪০ বছর ধরে তিনি এই হাটে সবজি বিক্রি করছেন। শুরুতে বাবার সঙ্গে বাজারে আসতেন। এখন তাঁর ছেলে তাঁর সঙ্গে আসে। নিজের জমির ফসল এই বাজারে বিক্রি করেই তাঁদের সংসার চলে।
তাঁর দাবি, তাঁদের উৎপাদিত সবজিতে ফরমালিন বা ওষুধ ব্যবহার করা হয় না। টাটকা সবজি কেনার জন্য দূরদূরান্ত থেকেও ক্রেতারা এই বাজারে আসেন।
দত্তের বাজারে বিক্রি হওয়া শাকসবজির প্রধান ক্রেতা স্থানীয় বাসিন্দারা। সপ্তাহের দুই হাটবারে পরিবারের প্রয়োজনীয় সবজি কিনতে তাঁরা এখানে আসেন।
বাজারে আসা একাধিক ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, চরের জমিতে উৎপাদিত সবজিতে রাসায়নিক ও ভেজালের আশঙ্কা তুলনামূলক কম মনে করায় তাঁরা নিয়মিত এই বাজার থেকে সবজি কেনেন।
দত্তের বাজারের এই ব্যবস্থা স্থানীয় কৃষকদের নিজেদের উৎপাদিত ফসল সরাসরি বিক্রির সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে ক্রেতারাও এক জায়গায় বিভিন্ন ধরনের মৌসুমি শাকসবজি কিনতে পারছেন। কৃষক ও ক্রেতার সরাসরি যোগাযোগই বাজারটির অন্যতম বিশেষত্ব।