
সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য পণ্যের রপ্তানি নিয়ন্ত্রণে জাপানের ২০টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে চীন। দেশটির জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষা, অস্ত্র বিস্তার রোধ এবং আন্তর্জাতিক দায়িত্ব পালনের লক্ষ্যেই জাপানের ২০টি প্রতিষ্ঠানকে রপ্তানি নিয়ন্ত্রণ সংক্রান্ত কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
চীনের দাবি, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। ফলে এসব প্রতিষ্ঠানের কাছে সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ, যা দেশটির প্রতিরক্ষা নীতিমালা ও কৌশলগত গবেষণার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
চীন ও জাপানের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা, সামরিক কার্যক্রম এবং ভূরাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই বেইজিংয়ের এ পদক্ষেপ নতুন করে দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।