
জেমস আব্দুর রহিম রানা:
রবিবার (২২ নভেম্বর) দুপুরে অভয়নগর উপজেলার মাইলপোস্ট এলাকায় বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব দাবি জানানো হয়। ‘ভবদহ জলাবদ্ধতার সমকালীন সমস্যা ও সম্ভাবনা: সংকট সমাধানে করণীয়’ শীর্ষক সভাটির আয়োজন করে ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোট। এতে সহযোগিতা করে বেলা।
ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের সভাপতি আব্দুল মতলেব সরদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম এহিয়া ও পরিচালক এস এম ফারুক হোসেন।
এ ছাড়া বক্তব্য দেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আক্তার ফারুক মিন্টু, বেলার পরিকল্পনা কর্মী মাহফুজুর রহমান মুকুর, সুন্দলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, বিএনপি নেতা মোল্যা হাবিবুর রহমান ও নূর জালাল এবং শিক্ষক হাবিবুর রহমানসহ অন্যরা।
সভায় ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের সদস্য সচিব অধ্যক্ষ আব্দুল লতিফ সঞ্চালনা করেন। এতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, এনজিওকর্মী, সাংবাদিক, শিক্ষার্থীসহ ভবদহ অঞ্চলের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে টিআরএম বা জোয়ারাধার প্রকল্প চালু করা জরুরি। একই সঙ্গে পানি নিষ্কাশনের পথ সচল করতে আমডাঙ্গা খাল সংস্কারের দাবি জানান তাঁরা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে টিআরএম প্রকল্প চালু ও আমডাঙ্গা খাল সংস্কারের দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।