
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):
ডুমুরিয়া বাজারের মেসার্স কৃষি ভান্ডারের আয়োজনে অনুষ্ঠিত ‘রিটেইলারদের সম্মেলন ও প্রশিক্ষণ-২০২৬’-এ উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আগত ৭০ জন রিটেইলার অংশগ্রহণ করেন।
মেসার্স কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী ও মিমপেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের পরিবেশক মো. মনিরুজ্জামান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির সেলস প্রমোশন অফিসার হাসিবুল হাসান (সাকিব)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিমপেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের সেলস ম্যানেজার দিপলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির রিজিওনাল সেলস ম্যানেজার মো. কাইয়ুম হোসেন, এরিয়া ম্যানেজার মো. সিরাজুল ইসলাম এবং ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে দিপলুর রহমান বলেন, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের পাশে থেকে সঠিক পরামর্শ ও মানসম্মত কৃষি উপকরণ পৌঁছে দেওয়া নৈতিক দায়িত্ব। মিমপেক্স কৃষকের স্বার্থ ও ফসলের সুরক্ষার কথা বিবেচনায় রেখে আন্তর্জাতিক মানের বালাইনাশক ও সার বাজারজাত করে আসছে।
তিনি আরও বলেন, রিটেইলাররা কোম্পানি ও প্রান্তিক কৃষকদের মধ্যে সরাসরি সেতুবন্ধন হিসেবে কাজ করেন। সঠিকভাবে ফসলের রোগ নির্ণয় করে কৃষকদের হাতে উপযুক্ত পণ্য তুলে দিতে পারলে কৃষক আর্থিকভাবে লাভবান হবেন এবং দেশের কৃষি উৎপাদনও বাড়বে।
বিশেষ অতিথির বক্তব্যে রিজিওনাল সেলস ম্যানেজার মো. কাইয়ুম হোসেন বলেন, আধুনিক ও লাভজনক কৃষির জন্য ফসলের রোগবালাই দমনে সঠিক সময়ে সঠিক মাত্রায় ওষুধ প্রয়োগ জরুরি। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন বলেন, ডুমুরিয়া একটি কৃষিপ্রধান অঞ্চল। এখানকার অর্থনীতি মূলত কৃষির ওপর নির্ভরশীল। ব্যবসায়িক মুনাফার পাশাপাশি নকল ও ভেজালমুক্ত কৃষি উপকরণ কৃষকদের হাতে পৌঁছে দিয়ে রিটেইলারদের কৃষকের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করা উচিত।
এরিয়া ম্যানেজার মো. সিরাজুল ইসলাম বলেন, রিটেইলারদের দক্ষতা বৃদ্ধি এবং পণ্যের গুণগত মান সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। আগামী মৌসুমে ডুমুরিয়ার কৃষকরা মিমপেক্সের পণ্যের মাধ্যমে ভালো ফলন পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে পরিবেশক মো. মনিরুজ্জামান সরদার বলেন, ডুমুরিয়ার ১৪টি ইউনিয়ন থেকে রিটেইলাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সম্মেলনকে সফল করেছেন। মেসার্স কৃষি ভান্ডারের পক্ষ থেকে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং সততা ও নিষ্ঠার সঙ্গে কৃষকদের সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
দিনব্যাপী সম্মেলনে ফসলের বিভিন্ন রোগবালাই দমন, আধুনিক বালাই ব্যবস্থাপনা এবং কোম্পানির নতুন পণ্য সম্পর্কে রিটেইলারদের বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী রিটেইলারদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।